১২৩ বছরের সমস্ত রেকর্ড ভাঙল! দেশের আবহাওয়ায় এই ভয়াবহ পরিবর্তন নিয়ে আবহাওয়া অফিসের বড় সতর্কতা

চলতি বছরের অগাস্ট মাসে ভারতের আবহাওয়ায় তৈরি হলো এক নতুন ও উদ্বেগজনক রেকর্ড। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) দেওয়া তথ্য অনুযায়ী, ১৯০১ সালের পর অর্থাৎ বিগত ১২৩ বছরের মধ্যে এ বছরের অগাস্ট মাস ছিল দেশের ইতিহাসে উষ্ণতম অগাস্ট। আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা দেশজুড়ে এই মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের (২৩.৬৮ ডিগ্রি সেলসিয়াস) তুলনায় অনেকটাই বেশি। বিশেষ করে মধ্য ভারত ও দক্ষিণ উপদ্বীপীয় অঞ্চলে রাত্রিকালীন তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যে কী কারণ?

মৌসম ভবনের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং মাসজুড়ে আকাশ মেঘলা থাকার কারণেই মূলত রাতের তাপমাত্রা কমতে পারেনি। অগাস্ট মাসে দেশে মোট ৬টি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। এর মধ্যে একটি শক্তিশালী হয়ে গত ৩০ আগস্ট আরব সাগরে বিরল ‘ঘূর্ণিঝড় আসনা’ (Cyclone Asna)-য় পরিণত হয়। পুরো মাসে প্রায় ১৬.৫ দিন দেশজুড়ে নিম্নচাপের প্রভাব বজায় ছিল।

এছাড়া স্থানীয় ও বৈশ্বিক অনুকূল আবহাওয়ার কারণে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরো মাসজুড়ে অত্যন্ত সক্রিয় ছিল। ফলে অগাস্টে বর্ষার যে স্বাভাবিক বিরতি দেখা যায়, এবার তা ঘটেনি। আগস্টে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে ১৫.৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৯ সালের পর আগস্ট মাসে দ্বিতীয় সর্বোচ্চ।

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ইঙ্গিত:

টানা বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে রাতে পৃথিবীর তাপ বিকিরণ বাধাগ্রস্ত হওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাতের এই অস্বাভাবিক উষ্ণতা কেবল জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবকেই নির্দেশ করছে না, বরং এটি মানুষের স্বাস্থ্য ও ফসলের গুণমানের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে কৃষির ক্ষেত্রে পর্যাপ্ত জল পাওয়ার বিষয়টি কিছুটা স্বস্তি দিলেও, আগামী দিনে এই আবহাওয়া বদল যে বড় বিপদের ঘণ্টা বাজাচ্ছে, তা নিয়ে দ্বিমত নেই বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *