কাল সকালেই NEET PG পরীক্ষা! সেন্টারে ঢোকার শেষ সময় কখন? জেনে নিন অ্যাডমিট কার্ড ও ড্রেস কোডের কড়া নিয়ম

দেশের বিভিন্ন মেডিকেল কলেজের পোস্টগ্র্যাজুয়েট (PG) কোর্সে ভর্তির বহুল প্রতীক্ষিত NEET PG 2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৩০ আগস্ট (রবিবার)। পরীক্ষা সামনে আসায় পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS)-এর নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষাটি একটিমাত্র শিফটে সম্পন্ন হবে। পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা, নথিপত্র এবং ড্রেস কোড সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও এন্ট্রি টাইম:
-
পরীক্ষার সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত।
-
সেন্টারে এন্ট্রি শুরু: সকাল ৭:০০ টা থেকে পরীক্ষার্থীদের প্রবেশ এবং রেজিস্ট্রেশন শুরু হবে।
-
গেক বন্ধের সময়: সকাল ৮:৩০ টার পর কোনো অবস্থাতেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই ট্রাফিক ও অন্যান্য সম্ভাব্য বিলম্ব এড়াতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই সেন্টারে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
-
লগইন ও নির্দেশিকা উইন্ডো: সকাল ৮:৪৫ মিনিটে প্রার্থীরা কম্পিউটার সিস্টেমে লগইন করতে পারবেন এবং ৮:৫০ মিনিটে পরীক্ষাসংক্রান্ত নির্দেশিকার উইন্ডো খুলবে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র:
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য প্রার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে:
-
NEET PG 2026-এর অ্যাডমিট কার্ড।
-
যেকোনো একটি বৈধ ও অরিজিনাল ফোটো আইডি প্রুফ।
-
MCI বা সংশ্লিষ্ট স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। (বিদেশি প্রার্থীদের জন্য পাসপোর্ট ও নিজ দেশে প্র্যাকটিসের প্রমাণপত্র বাধ্যতামূলক)।
কোন জিনিসগুলি সম্পূর্ণ নিষিদ্ধ?
পরীক্ষাকেন্দ্রে পেন, পেপার, রাইটিং প্যাড, রবার, পেনড্রাইভ, মোবাইল ফোন, ট্যাবলেট, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লুটুথ ডিভাইস বা যেকোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া মানিব্যাগ, বেল্ট, গগলস এবং কোনো ধরনের খাবার বা পানীয় সামগ্রী ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।
ড্রেস কোড ও অন্যান্য নিয়ম:
পরীক্ষার্থীদের জন্য সাধারণ ও আরামদায়ক পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুষ প্রার্থীরা হালকা ও হাফ হাতা শার্ট বা টি-শার্ট পরতে পারেন এবং ভারী সোলের জুতো এড়িয়ে চলুন। অন্যদিকে, মহিলা প্রার্থীরা ভারী কাজের পোশাক, ফুল হাতা জামা এবং প্রিন্টেড জিন্স পরা থেকে বিরত থাকুন। কানের দুল, নেকলেস, ব্রেসলেট, নোজ পিন বা যেকোনো ধরনের ভারী গয়না পরে পরীক্ষা কেন্দ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রের ভেতরে বায়োমেট্রিক ভেরিফিকেশন ও কঠোর সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকবে।