দুর্গাপুজোয় কি বন্ধ হচ্ছে আমিষ খাবার ও থিম প্যান্ডেল? বিশ্ব হিন্দু পরিষদের নির্দেশিকায় শোরগোল রাজ্যে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম দুর্গোৎসবকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুর্গাপুজোর ঐতিহ্য ও সনাতনী ভাবধারা রক্ষা করতে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। মণ্ডপের আশেপাশে আমিষ খাবার বিক্রি বন্ধ রাখা থেকে শুরু করে থিম প্যান্ডেল ও প্রতিমার রূপ নিয়ে কড়া অবস্থান নিয়েছে সংগঠনটি। আর এই নির্দেশিকা সামনে আসতেই বাংলার পুজো মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।

বিশ্ব হিন্দু পরিষদের মার্গ দর্শকমণ্ডলীর সদস্য নির্গুণানন্দ ব্রহ্মচারী স্পষ্ট জানিয়েছেন, শিল্পের সঙ্গে তাঁদের কোনও বৈরিতা নেই, তবে শিল্পের নামে প্যান্ডেলে যা খুশি তাই চালানো বরদাস্ত করা হবে না। থিমের নামে ডিমের আদলে তৈরি প্যান্ডেল বা সনাতনী সংস্কৃতির সঙ্গে মেলে না এমন উপকরণ ব্যবহারের বিরোধিতা করেছে সংগঠনটি। ঐতিহ্যবাহী মন্দিরের আদলে মণ্ডপ তৈরিতে তাদের আপত্তি নেই, তবে পুজোর সঙ্গে সম্পর্কহীন সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে।

প্রতিমার রূপ ও আধুনিকতা নিয়েও নিজেদের আপত্তির কথা জানিয়েছে VHP। সাবেকিয়ানার বাইরে গিয়ে আধুনিকতা থাকতে পারে, তবে প্রতিমার মধ্যে মাতৃত্ব ও শালীনতা বজায় থাকা আবশ্যক। রণংদেহী প্রতিমাকে তথাকথিত ‘বিধবা শাড়ি’ পরানো কিংবা দেবীর দশ হাতে অস্ত্র বদলে অন্য কিছু গুঁজে দেওয়ার মতো বিষয়গুলি একদমই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নেতারা।

মণ্ডপের আশপাশে আমিষ খাবার পরিবেশন এবং বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছে সংগঠনটি। প্রতিমার পবিত্রতা এবং প্যান্ডেল চত্বরের শুচিতা রক্ষার্থে সনাতনীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পুজো কমিটিগুলি এই বিষয়ে পদক্ষেপ না নিলে সংগঠন নিজেই হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই প্রচলিত স্লোগানেরও বিরোধিতা করেছে বিশ্ব হিন্দু পরিষদ।

পুজোর অন্যান্য আয়োজনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। দেবীপক্ষের সূচনার আগে অর্থাৎ প্রতিপদ তিথির আগে পুজোর উদ্বোধন করার প্রথার বিরোধিতা করেছে VHP। বোধন এবং উদ্বোধনের মধ্যে তফাৎ রয়েছে বলেই মনে করে তারা। এছাড়া পুজোর কার্নিভাল শোভাযাত্রা হলেও তা কেবল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিনেই হওয়া উচিত বলে মত প্রকাশ করা হয়েছে। এমনকি কুমোরটুলিতে প্রতিমা তৈরির সময় ছবি তোলা বা ফটোশ্যুট না করার অনুরোধও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *