সরাসরি মমতার বিরুদ্ধে এফআইআর! তৃণমূল ছাত্র পরিষদের সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম বোমফাট

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় আইনি বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশিকা অমান্য করা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা দেওয়া এবং নির্ধারিত সময়সীমা পেরিয়ে সভা চালিয়ে যাওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগে হেস্টিংস থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, এই কর্মসূচির অন্যান্য উদ্যোক্তাদের বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ।
কী নিয়ে এই বিতর্ক ও আইনি জটিলতা?
শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে এবং দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্তই কেবল সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যায়, বিপুল জনস্রোতের জেরে রাস্তার দু’দিকের লেনই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সভা চলতে থাকে বলে অভিযোগ ওঠে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সভা চলাকালীন কর্মী-সমর্থকদের ভিড় সামলাতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় এবং ব্যারিকেড ভেঙে পুলিশকর্মীদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সমর্থকরা। এর ফলে ক্যালোড্রাল রোড ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই সমস্ত নিয়মহীনতা ও বিশৃঙ্খলার জেরে শেষ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের পথেই হাঁটল প্রশাসন।