বাজারচলতি স্প্রে তুচ্ছ! রান্নাঘরের এই জাদুকরী উপায়ে এক নিমেষে পালাবে আরশোলা!

গ্রীষ্ম হোক বা বর্ষা—স্যাঁতসেঁতে ও অন্ধকার জায়গা পেলেই যেন বাড়িতে রাজত্ব শুরু করে আরশোলা। এই বিরক্তিকর পতঙ্গের উপদ্রবে প্রায়শই নাজেহাল হতে হয় গৃহিণীদের। বাজারে প্রচলিত নানা কেমিক্যালের স্প্রে বা বিষাক্ত ওষুধ ব্যবহার করেও অনেক সময় কোনো স্থায়ী সুরাহা মেলে না। তবে ঘরোয়া উপায়ে একেবারে নিমেষেই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। আর তার জন্য হাতিয়ার হতে পারে রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ দুটি জিনিস—কর্পূর এবং লবঙ্গ।
কীভাবে তৈরি করবেন এই স্পেশাল স্প্রে? বিজ্ঞান বলছে, কর্পূরের তীব্র ও কড়া গন্ধ আরশোলা একেবারেই সহ্য করতে পারে না। এই টোটকা তৈরির জন্য প্রথমে কিছুটা কর্পূর ভালোভাবে গুঁড়ো করে এক গ্লাস গরম জলে মিশিয়ে নিন। এর সঙ্গে মিশিয়ে দিন কয়েকটি লবঙ্গ। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট এভাবেই ভিজিয়ে রাখুন, যাতে কর্পূর এবং লবঙ্গের নির্যাস জলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায়।
এরপর এই মিশ্রণটি ভালো করে ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে নিন। রাতে শোয়ার আগে রান্নাঘরের সিঙ্কের কাছে, ড্রেনের পাশে, শোবার ঘরের অন্ধকার কোণায়, গ্যাস স্টোভের পিছনে এবং ডাস্টবিনের চারপাশে এটি ভালোভাবে স্প্রে করে দিন।
বিকল্প উপায়: যে সমস্ত জায়গায় সরাসরি জল স্প্রে করা সম্ভব নয়, সেখানে কর্পূরের কয়েকটি বড়ি একটি পাতলা কাপড়ে বেঁধে বা ছোট থলিতে ঝুলিয়ে রাখতে পারেন। কর্পূরের এই তীব্র গন্ধে টিকটিকি বা আরশোলা নিমেষেই বাড়ি থেকে পালিয়ে যাবে এবং ধারেকাছেও ঘেঁষবে না। ঘরোয়া এই সহজ কৌশলটি মেনে চললে এক রাতেই আরশোলার উপদ্রব থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন।