রাজ্যজুড়ে মেগা রাখিবন্ধন! ২৫ লক্ষ রাখি তৈরিতে খরচ প্রায় ৯ কোটি, নজর কাড়ছে নজিরবিহীন আয়োজন

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে এবার রাজ্যজুড়ে মেগা আয়োজন করেছে রাজ্য সরকার। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবাদের বন্ধন আরও দৃঢ় করার বার্তা দিয়ে বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগে পালিত হচ্ছে এই বিশেষ উৎসব। উৎসবের জন্য রাজ্যজুড়ে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হয়েছে এবং এর জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, মহকুমা, জেলা সদর এবং পুরসভা—সর্বস্তরেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় স্তরে রাখিবন্ধনের পাশাপাশি থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে রাজ্যস্তরের বিশেষ রাখিবন্ধন উৎসব। এই আয়োজনে প্রায় ২,৫০০ জন পড়ুয়া অংশ নেবে। পাশাপাশি কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। নজরুল মঞ্চের মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য প্রায় ৫ হাজার তিরঙ্গা-ভাবনার বিশেষ রাখি রাখা হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় সংহতির বার্তা তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অন্যদিকে, এই বিশেষ কর্মসূচি ও ভিড়ের জেরে কলকাতার যান চলাচলে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। যাদবপুর ৮ বি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সরকারি কর্মসূচির কারণে রাজা এস সি মল্লিক রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই রাস্তা বন্ধ থাকার ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২, ৩, ৪ ও ৫ নম্বর গেট দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে ক্যাম্পাসে যাতায়াতের জন্য শুধুমাত্র ১ নম্বর গেট ব্যবহার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *