হায়দরাবাদের তরুণীকে আমেরিকায় খুন!, ভারতে পালিয়ে আসা প্রাক্তন প্রেমিক গ্রেপ্তার

আমেরিকায় কর্মরত হায়দরাবাদের এক তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। কলম্বিয়ার মেরিল্যান্ডের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছিল ২৭ বছরের ওই তরুণীর দেহ। দীর্ঘ তদন্তের পর অবশেষে আগ্রা থেকে অভিযুক্ত প্রাক্তন প্রেমিককে পাকড়াও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম নিকিতা গোদিশালা। তিনি গত চার বছর ধরে আমেরিকায় একটি সংস্থায় ডেটা অ্যান্ড স্ট্রাটেজি অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এলিকট সিটির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন নিকিতা। গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকেই তাঁর কোনো খোঁজ মিলছিল না। এরপর গত ২ জানুয়ারি নিখোঁজ ডায়েরি হওয়ার পর হাওয়ার্ড কাউন্টি পুলিশ তদন্তে নেমে নিকিতার প্রাক্তন রুমমেট তথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্জুন শর্মার অ্যাপার্টমেন্ট থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে নিকিতাকে। খুনের পরেই অর্জুন মার্কিন মুলুক ছেড়ে ভারতে পালিয়ে আসেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার তদন্তে নেমে হায়দরাবাদ পুলিশ জানতে পারে, চাকরি হারানোর পর নিকিতা ও তাঁর পরিবারের কাছ থেকে মোটা টাকা ধার করেছিলেন অর্জুন। সেই টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে তীব্র আর্থিক বিরোধ তৈরি হয়েছিল। নিকিতার বাবা আনন্দ গোদিশালা ইতিমধ্যেই অর্জুনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সেই মামলার সূত্র ধরেই হায়দরাবাদের লালগুড়া থানার পুলিশ আগ্রায় অভিযান চালায়।
আগ্রার একটি ফ্ল্যাট থেকে অর্জুনকে আটক করে পুলিশ প্রতারণার মামলায় নোটিস দেয়। যেহেতু আমেরিকার আদালতের তরফে অর্জুনের বিরুদ্ধে আগেই হত্যা মামলা ও জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তাই বিষয়টি সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সংস্থাকে জানানো হয়। এরপর কেন্দ্রীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অভিযুক্তকে নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির করা হয়। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন অর্জুন। মার্কিন পুলিশের পর এবার ভারতীয় আইনের অধীনেও তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।