বিদেশ যাওয়ার আগেই চরম বিপাকে অভিষেক! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতেই হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ

চিকিৎসার উদ্দেশ্যে বিদেশযাত্রার ঠিক আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের আদালতে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। কোন সুনির্দিষ্ট কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, ব্যাঙ্কের তরফ থেকে তা স্পষ্ট করা হয়নি বলেই আদালতে দাবি করা হয়েছে।

আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ না করে কী ভাবে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে? ওই আইনি ধারা অনুযায়ী, পুলিশ বা তদন্তকারী সংস্থাকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়ে তবেই এই পদক্ষেপ করতে হয়। এই পরিস্থিতিতে মামলার দ্রুত শুনানির আর্জি জানান তিনি।

অন্যদিকে, বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান যে এই বিষয়ের সঙ্গে কোনো তদন্ত প্রক্রিয়া যুক্ত রয়েছে কি না। জবাবে আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, তাঁর মক্কেল আদালতের নির্দেশমতো সমস্ত তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন, যার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো বৈধ সম্পর্ক নেই।

উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি রাও নির্দেশ দেন যে মামলার অন্য পক্ষকে যথাযথ নোটিস দিতে হবে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। বিদেশযাত্রার আগে এই আইনি জট কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *