বিগ বস-এর ঘরে সায়ক চক্রবর্তী? ২৬ অগাস্টই শহর ছাড়ছেন বিতর্কিত তারকা!

সোশ্যাল মিডিয়ায় সায়ক চক্রবর্তী মানেই বিতর্কের নতুন অধ্যায়। পার্কস্ট্রিটের রেস্তোরাঁ কাণ্ড থেকে প্রাক্তন বউদির সঙ্গে প্রকাশ্য বচসা— তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। সেই সায়ক চক্রবর্তীই এবার নাকি পাড়ি দিচ্ছেন বিগ বসের ঘরে! টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী ২৬ অগাস্টই বিগ বস বাংলার শুটিংয়ের জন্য কলকাতা ছাড়ছেন এই জনপ্রিয় অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

তবে কি সায়ক একাই? শোনা যাচ্ছে, এই দৌড়ে রয়েছেন আরও অনেকে। গায়ক শিলাজিৎপুত্র ধি মজুমদারকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে।

গত এক মাস ধরে টলিপাড়ার প্রথম সারির তারকাদের দুয়ারে কড়া নাড়ছেন বিগ বস নির্মাতারা। গুঞ্জন রয়েছে, এক জনপ্রিয় গায়িকাকে কোটির বেশি টাকা অফার করা হয়েছিল, কিন্তু তিনি তা বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিয়েছেন। টলিপাড়ার অনেক নামি অভিনেতা-অভিনেত্রীরই বিগ বসের ডাক পাওয়ার কথা শোনা যাচ্ছে। তবে বড় একটা অংশই পুজোর সময় শহর ছাড়তে রাজি নন। যত টাকাই অফার করা হোক, পুজোর আড্ডার টানে তাঁরা নাকি বিগ বসকে ‘না’ বলে দিয়েছেন। এই পরিস্থিতিতে নির্মাতারা এখন কনটেন্ট ক্রিয়েটারদের দিকেই বেশি ঝুঁকছেন।

অন্যদিকে, জীতু কমলের নাম নিয়ে জোর চর্চা চলছে। শোনা যাচ্ছে, বিগ বসের প্রস্তাবের কথা মাথায় রেখেই তিনি নিজের ওয়েব সিরিজের শুটিংয়ের তারিখ এগিয়ে এনেছেন। যদিও জীতু শেষ পর্যন্ত ঘরে ঢুকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। চ্যানেল কর্তৃপক্ষ অবশ্য এখনও তাঁর ব্যাপারে আশাবাদী।

আলোচনায় রয়েছে মনামি ঘোষের নামও। অনুরাগীদের দাবি, মনামি ঘরে প্রবেশ করলে তা দর্শকদের জন্য বড় পাওনা হবে। শোনা যাচ্ছে, তাঁকে রাজি করানোর চেষ্টাও চলছে। আবার অন্যদিকে, অভিনেত্রী সৃজলা গুহর বিগ বসের ঘরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই জোরালো। শোনা যাচ্ছে, ঘরে কাটানো তিন মাসের পোশাকের পরিকল্পনাও নাকি তিনি ইতিমধ্যেই সেরে ফেলেছেন। গায়ক দুর্নিবার সাহার নামও উঠে আসছে এই তালিকায়।

সব জল্পনার অবসান ঘটবে আগামী ৩০ আগস্ট। বিগ বস বাংলার সিজন ৩-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই দর্শকদের সামনে আনবেন এবারের তারকা প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা।

প্রসঙ্গত, আগামী ৩০ আগস্ট থেকেই শুরু হচ্ছে বিগ বসের এই নতুন সিজন। ২০ দিনের মাথায় টলি তারকাদের জীবনের ছবিটা একেবারেই বদলে যেতে চলেছে। টানা তিন মাস তাঁদের থাকতে হবে ঘর, পরিবার ও বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে। হাতে থাকবে না মোবাইল, থাকবে না বই পড়ার সুযোগ। এখন দেখার বিষয়, সমস্ত শর্ত মেনে শেষ পর্যন্ত টলিপাড়ার কোন তারকারা বিগ বসের সেই কঠিন লড়াইয়ের মুখে দাঁড়ান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *