ফেরারির প্রথম ইলেকট্রিক কার নিয়ে সমালোচনার ঝড়! নিলাম উঠতেই যে দামে বিক্রি হলো?

ইতালিয়ান সুপারকার প্রস্তুতকারক সংস্থা ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (EV) বাজারে আসার পর থেকেই তা তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছিল। চিরাচরিত স্পোর্টসকারের রূপ থেকে সরে এসে পাঁচ আসনের এই ব্যাটারিচালিত গাড়ি তৈরি করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সমস্ত সমালোচনা ও ট্রোলের মুখেই নিলামের মেগা মঞ্চে সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল। রেকর্ড দামে বিকোলো ফেরারির এই প্রথম ইভি ‘লুসে’ (Luce)।

নিলামে গ্ল্যামার ও রেকর্ডের ঝড়

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় নামী নিলাম সংস্থা আরএম সোথেবিজ (RM Sotheby’s)-এর আয়োজনে প্রকাশ্যে আসে ফেরারির এই নতুন বিপ্লব। নতুন কোনো গাড়ি বিক্রির ক্ষেত্রে যাবতীয় রেকর্ড ভেঙে ‘লুসে’ গাড়িটি নিলামে বিক্রি হয়েছে আকাশছোঁয়া চার কোটি ডলারে

বিশেষ নকশা, কাস্টমাইজড ব্রেক, ইউনিক ফিনিশিং এবং উৎপাদিত প্রথম মডেল হওয়ার সুবাদেই গাড়িটির প্রতি আগ্রহ ছিল তুঙ্গে। সোথেবিজ এটিকে মালিকানা পাওয়ার ‘অতুলনীয় সুযোগ’ হিসেবে উল্লেখ করলেও ক্রেতার নাম গোপন রাখা হয়েছে। তবে আনন্দের বিষয় হলো, এই নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই তুলে দেওয়া হবে ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক তহবিলে।

অ্যাপলের ডিজাইন ও সমালোচকদের জবাব

ফেরারির প্রথম এই বৈদ্যুতিক গাড়ির নেপথ্যে রয়েছে বিখ্যাত ব্রিটিশ ডিজাইনার স্যার জনি আইভের ভাবনা, যিনি অতীতে অ্যাপলের আইফোন ডিজাইনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গত মে মাসে গাড়িটি প্রকাশ্যে আসার পরই ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি থেকে শুরু করে ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মন্তেজেমোলো পর্যন্ত তীব্র আপত্তি তুলেছিলেন। তাঁদের দাবি ছিল, এই গাড়ি ফেরারির দীর্ঘদিনের কিংবদন্তি ঐতিহ্যকে ধ্বংসের মুখে ঠেলছে। এমনকী গাড়ি লঞ্চের পর হুড়মুড়িয়ে পতন হয়েছিল কোম্পানির শেয়ারের দামেও।

তবে সমস্ত সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে নিলামের বাজারে চার কোটি ডলারে বিক্রি হয়ে সমস্ত পূর্বের রেকর্ড ভেঙে দিল এই গাড়ি। এর আগে ২০২৫ সালে একটি ফেরারি ডেটোনা এসপি৩ গাড়ি ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়লেও, এবার ‘লুসে’ সেই সমস্ত ইতিহাস পিছনে ফেলে নতুন মুকুট ছিনিয়ে নিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *