দোকান থেকে গায়েব ১০ লক্ষ টাকার হিরে-সোনা! চোর ধরতে সিসিটিভি খুলতেই চোখ কপালে মালিকের!

কর্ণাটকের তুমাকুরুর একটি গয়নার দোকানে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হিরে ও সোনার গয়না উধাও হয়ে যাওয়ার পর জানা গেল, কোনো চোর নয়, বরং একটি ইঁদুর এই বিশাল কান্ড ঘটিয়েছে! বহুমূল্য গয়নাগুলি মুখে করে নিজের গর্তে লুকিয়ে রেখেছিল সেই ইঁদুরটি। পরে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো রহস্যের সমাধান করেন কর্মীরা।

তুমাকুরু শহরের ক্যালটেক্স সার্কেলের কাছে অবস্থিত ‘বিশ্বাস জুয়েলারি’ নামক ওই দোকানে পরদিন সকালে শাটার খোলার পরই দেখা যায়, ৫০ গ্রামেরও বেশি ওজনের হিরে ও সোনার গয়না নিখোঁজ। দোকানের শাটার সম্পূর্ণ অক্ষত ছিল এবং কোথাও জোর করে ঢোকার কোনো চিহ্ন না থাকায় চরম বিপাকে পড়েন মালিক ও কর্মীরা। শাটার ভাঙা ছাড়া কীভাবে এত দামি গয়না উধাও হলো, তা ভেবে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়েছিল সকলের।

পুলিশের দ্বারস্থ হওয়ার আগে দোকানের কর্মীরা ঘটনার সত্যতা যাচাই করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন। আর তখনই ক্যামেরায় ধরা পড়ে আসল দৃশ্য। ফুটেজে স্পষ্ট দেখা যায়, একটি ইঁদুর অত্যন্ত সুনিপুণভাবে একের পর এক গয়না মুখে করে নিয়ে গিয়ে তার নিজের গর্তের মধ্যে জমা করছে।

সিসিটিভি ফুটেজে ইঁদুরটির যাতায়াত ও গতিবিধি নিবিড়ভাবে অনুসরণ করে দোকানের কর্মীরা সঙ্গে সঙ্গে সেই গর্তটি খুঁজে বের করেন এবং তা খুঁড়ে দেখেন। সৌভাগ্যবশত, দোকান থেকে হারিয়ে যাওয়া মোট ১০টি আংটি এবং ৩টি চেনই অক্ষত অবস্থায় সেই গর্ত থেকে উদ্ধার করা সম্ভব হয়। বহুমূল্য গয়না চুরির এই অদ্ভুত ঘটনার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দোকানের মালিক ও কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *