বাংলা থেকে কি নিম্নচাপ বিদায় নিল? আজ কোন ৬ জেলায় হলুদ সতর্কতা জারি? জানুন আবহাওয়ার তাজা আপডেট!

রাজ্যবাসীর জন্য স্বস্তির ও সতর্কতার মিশ্র বার্তা নিয়ে হাজির আবহাওয়া দপ্তর। গভীর নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়ায় সরাসরি এর বড় প্রভাব আর পশ্চিমবঙ্গে না থাকলেও, মৌসুমী অক্ষরেখার টানে বৃষ্টি পুরোপুরি থামছে না। আজ দক্ষিণবঙ্গের কোথাও ঝিরঝিরে বৃষ্টি তো কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ছয়টি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা কমতির দিকেই থাকবে। তবে স্বস্তি বেশি দিন স্থায়ী হচ্ছে না। আগামী মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, কলকাতায় আগামী শনি থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব একটা না বাড়লেও ভ্যাপসা গরম ভোগাতে পারে শহরবাসীকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে এবং গত ২৪ ঘণ্টায় ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ছবিটা অনেকটাই আলাদা। আজ উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে আগামী রবিবার, যার জন্য আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। লাগাতার এই অতিবৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধস বা ধসের আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং তিস্তা, তোর্সা, রাইডাক ও জলঢাকা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কৃষিজমির ফসলেরও ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *