টাকা নেই তো কী হয়েছে? জিনিস কিনুন আজ, পেমেন্ট করুন মাস পরে! ফ্লিপকার্টের ধামাকা অফার!

অনলাইন শপিংকে আরও সহজ এবং গ্রাহকমুখী করতে বাজারে নতুন ট্রেন্ড হিসেবে জায়গা করে নিয়েছে ‘আগে কিনুন, পরে টাকা দেবেন’ বা (Buy Now, Pay Later – BNPL) পরিষেবা। এই ট্রেন্ডে গা ভাসিয়ে ই-কমার্স জায়েন্ট ফ্লিপকার্টও নিয়ে এসেছে তাদের নতুন ‘ফ্লিপকার্ট পে লেটার’ পরিষেবা। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা এখন পছন্দমতো জিনিসপত্র কিনে তার দাম মেটানোর জন্য নির্দিষ্ট সময় বা সহজ কিস্তির সুবিধা পাবেন। পেউ (PayU) ফিনান্সের সঙ্গে হাত মিলিয়ে ফ্লিপকার্ট এই পরিষেবাটি চালু করেছে, যা ফ্লিপকার্ট, মিনত্রা এবং ফ্লিপকার্ট মিনিটস-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে। নতুন এই মডেলে গ্রাহকদের জন্য মূলত তিন ধরনের পেমেন্ট অপশন রাখা হয়েছে—প্রথমত, প্রতিদিনের ছোটখাটো কেনাকাটার জন্য ৩০ দিন পর্যন্ত টাকা মেটানোর সময়; দ্বিতীয়ত, বিলের অঙ্ককে তিনটি সমান কিস্তিতে ভাগ করার জন্য ‘Pay in 3’ সুবিধা; এবং তৃতীয়ত, স্মার্টফোন, ইলেকট্রনিক্স বা হোম অ্যাপ্লায়েন্সের মতো দামি জিনিস কেনার ক্ষেত্রে ৩ থেকে ১২ মাসের সহজ মাসিক কিস্তি বা EMI-এর সুবিধা। কেনাকাটার ঠিক মুহূর্তেই যাতে গ্রাহকরা খুব সহজে লোন বা ঋণের সুবিধা পেতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই পরিষেবাটি ডিজাইন করা হয়েছে।
ফ্লিপকার্ট ফিনান্সের ম্যানেজিং ডিরেক্টর বিশাল আহুজা এই প্রসঙ্গে জানান, ভারতের লক্ষ লক্ষ মানুষ অনলাইনে কেনাকাটা করার সময় দামকে একটি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেন। অনেক সময় জিনিস কেনার প্রবল ইচ্ছা থাকলেও পকেটে পর্যাপ্ত টাকা না থাকায় তা সম্ভব হয় না। গ্রাহকদের সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই তাদের আর্থিক সহায়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ফ্লিপকার্ট প্রথমে পেউ-এর আর্থিক পরিষেবা শাখা ‘PayU ফিনান্স’-এর সঙ্গে চুক্তি করেছে এবং ভবিষ্যতে আরও অনেক আর্থিক সংস্থা এর সঙ্গে যুক্ত হবে বলে জানা গেছে। চুক্তির শর্ত অনুযায়ী, পেউ ফিনান্স লোন বা ঋণ প্রদান করবে এবং ফ্লিপকার্ট ফিনান্স গ্রাহক সম্পর্ক রক্ষা ও লোনের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
গ্রাহকের আগের লেনদেন, কেনাকাটার অভ্যাস এবং প্ল্যাটফর্মে তার সার্বিক কার্যকলাপের ওপর ভিত্তি করেই লোন মঞ্জুর করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা সম্পূর্ণ সুরক্ষিত পদ্ধতি নিশ্চিত করে। এই অংশীদারিত্ব সম্পর্কে PayU ফিনান্সের সিইও দীপক মেন্ডিরাট্টা বলেন, ডিজিটাল বিজনেস যত দ্রুত বাড়ছে, সুরক্ষিত ও সহজলভ্য লোনের চাহিদাও সমান্তরালে বৃদ্ধি পাচ্ছে। ফ্লিপকার্ট ফিনান্সের সঙ্গে মিলে উন্নত প্রযুক্তি এবং ডেটার ওপর নির্ভর করে গ্রাহকদের একটি দুর্দান্ত অভিজ্ঞতা দিতে তারা বদ্ধপরিকর, যা ভারতের সামগ্রিক ডিজিটাল বাণিজ্যের বৃদ্ধিতে এক নতুন গতি আনবে।