আফ্রিকার মাটিতে ঝড় তুলতে প্রস্তুত কিং কোহলি! ২০২৭ ওডিআই বিশ্বকাপের ১২টি ভেন্যুতে কেমন রেকর্ড বিরাট কোহলির?

দীর্ঘ ২৪ বছর পর ফের একবার যৌথভাবে আফ্রিকার মাটিতে ফিরতে চলেছে আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ। ২০২৭ সালের এই মেগা টুর্নামেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া—এই তিন দেশ মিলে মোট ১২টি শহরে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার বাউন্সি এবং দ্রুতগতির পিচে টিম ইন্ডিয়ার জন্য এই ট্রফি জয় বেশ কঠিন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ব্যতিক্রম শুধু একজন—বিরাট কোহলি। আফ্রিকার মাটিতে বরাবরই কোহলির ব্যাট দারুণভাবে গর্জে ওঠে। ফলে দক্ষিণ আফ্রিকা ও তার পার্শ্ববর্তী দেশের মাটিতে হতে চলা আসন্ন এই বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ড এবং পারফরম্যান্স কেমন হতে পারে, তা নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে।

২০২৭ বিশ্বকাপের ১২টি ভেন্যু
আগামী বছরের ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলো যে ১২টি মাঠে অনুষ্ঠিত হবে, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়াম, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, গাবারাখার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভাল, ডারবানের কিংসমেড, পার্লের বোল্যান্ড পার্ক এবং পূর্ব লন্ডনের বাফেলো পার্ক অন্যতম। এ ছাড়াও জিম্বাবুয়ের বুলাওয়ে, হারারে, ভিক্টোরিয়া ফলসের মোসি-আ-টুনা আন্তর্জাতিক স্টেডিয়াম এবং নামিবিয়ার ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ খেলা হবে। এই ১২টি ভেন্যুর মধ্যে ইতিমধ্যেই ৮টি মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিরাট কোহলি, বাকি ৪টি মাঠে তিনি এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি।

আফ্রিকান পিচে বিরাটের অবিশ্বাস্য রেকর্ড
আফ্রিকার বিভিন্ন বিশ্বকাপ ভেন্যুতে বিরাট কোহলির পরিসংখ্যান অত্যন্ত ঈর্ষণীয়। পরিসংখ্যান বলছে, এই মাঠে তিনি মোট ২৫ ইনিংসে ৭১.৪৭ গড়ে ১৩৫৮ রান করেছেন। এই দুর্দান্ত ফর্মে তিনি হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি এবং ৯টি হাফ-সেঞ্চুরি। শুধু তাই নয়, এই মাঠে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে তিনি মোট পাঁচবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ বা ম্যাচ সেরা হয়েছেন।

বিশ্বকাপের ভেন্যুগুলোতে বিরাট কোহলির সেরা স্কোরগুলোর এক নজরে ঝলক:
কেপ টাউন: ১৬০ (অপরাজিত)

জোহানেসবার্গ: ৭৫

সেঞ্চুরিয়ন: ১২৯ (অপরাজিত)

গাইবারখা (পোর্ট এলিজাবেথ): ৮৭ (অপরাজিত)

ডারবান: ১১২

পার্ল: ৫১

হারারে: ১১৫

বুলাওয়ো: ০

বাফেলো পার্ক, ব্লুমফন্টেইন, ভিক্টোরিয়া ফলস ও উইন্ডহুক (নামিবিয়া): এই ৪টি ভেন্যুতে তিনি এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বাউন্স ও পেস সামলে কিং কোহলি যেভাবে অতীতে আফ্রিকার মাটিতে আধিপত্য বিস্তার করেছেন, তাতে ২০২৭ সালের বিশ্বকাপে তিনি যে ভারতের অন্যতম বড় ট্রাম্প কার্ড হতে চলেছেন, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *