E20 পেট্রোলে কি সত্যিই গাড়ির বারোটা বাজছে? খোদ সংসদে বড় সাফাই কেন্দ্রের!

২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বা ই২০ (E20) জ্বালানি ব্যবহার নিয়ে গাড়ি ও বাইক মালিকদের দীর্ঘদিনের জল্পনা ও আশঙ্কার অবসান ঘটাতে অবশেষে মুখ খুলল কেন্দ্র। বুধবার রাজ্যসভায় সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই বিশেষ জ্বালানি ব্যবহারে গাড়ির ইঞ্জিনের ঠিক কী ধরনের প্রভাব পড়ছে এবং আদতে কতটা ক্ষতি হচ্ছে।
কোন গাড়িগুলিতে ক্ষতি হচ্ছে?
বুধবার সংসদে সিপিআই সাংসদ এ. এ. রহিমের এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়করী জানান, ই২০ জ্বালানির প্রভাবে ২০১৬ সালের আগে তৈরি পুরনো বিএস-৩ (BS-III) গাড়িগুলির কিছু নির্দিষ্ট রাবার যন্ত্রাংশ এবং গ্যাসকেটে সামান্য ক্ষতি হচ্ছে। তবে এর বাইরে গাড়ির সামগ্রিক পারফরম্যান্সে কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে না কিংবা আলাদা করে ইঞ্জিন মডিফিকেশনেরও কোনো প্রয়োজন নেই।
কী বলছে গবেষণা?
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), দেহরাদুনের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব পেট্রোলিয়াম, সোশ্যাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারার্স (SIAM) এবং অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (ARAI) যৌথ গবেষণার ওপর ভিত্তি করে মন্ত্রী জানান:
বিএস-৬ (BS-VI) মানের আধুনিক যানবাহনগুলি ই২০ জ্বালানি ব্যবহার করেও নির্ধারিত দূষণ নির্গমন (Emission) মান সাফল্যের সঙ্গে বজায় রাখছে।
গবেষণায় স্পষ্ট হয়েছে যে, ইথানল-মিশ্রিত ই২০ জ্বালানি ব্যবহারের জন্য গাড়ি বা দু’চাকার যানবাহনের ইঞ্জিনে কোনো ধরনের যান্ত্রিক পরিবর্তন বা মডিফিকেশনের প্রয়োজন নেই।
পুরনো গাড়িগুলির পারফরম্যান্সেও এর বিশেষ কোনো প্রভাব পড়ে না এবং মাঝপথে গাড়ি বিকল হওয়ার মতো কোনো ঘটনা ঘটছে না।
রাবার যন্ত্রাংশ বদল ও মাইলেজ বিতর্ক
মন্ত্রী জানান, ২০০৫ থেকে ২০১৬ সালের মধ্যে উৎপাদিত বিএস-৩ গাড়িগুলিতে কিছু রাবার যন্ত্রাংশ বদলানোর প্রয়োজন দেখা দিতে পারে, যা যেকোনো রুটিন সার্ভিসিংয়ের সময় সহজেই পরিবর্তন করা সম্ভব।
অন্যদিকে, সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ অর্থাৎ মাইলেজ কমা প্রসঙ্গে নিতিন গড়করীর সাফ কথা, শুধুমাত্র জ্বালানির ধরনের ওপর গাড়ির মাইলেজ নির্ভর করে না। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে বেশ কিছু অপারেশনাল ও মেইনটেন্যান্স বিষয়ের ওপর, যেমন—
গাড়ি চালানোর ধরণ
নিয়মিত রক্ষণাবেক্ষণ
ফুয়েলের মান ও ট্রাফিক পরিস্থিতি
টায়ারের প্রেশার ও হুইল অ্যালাইনমেন্ট
এয়ার কন্ডিশনারের (AC) ব্যবহার