সেবাশ্রয়ে কোটি কোটি টাকার সরকারি ওষুধ লোপাট! কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার?

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য বরাদ্দ হওয়া কোটি কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য উঠে এল প্রাথমিক তদন্তে। কোনো সরকারি কর্মসূচি না থাকা সত্ত্বেও কীভাবে সরকারি ওষুধ ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে ব্যবহার করা হলো, তা নিয়ে এখন চরম তাজ্জব স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এই গোটা ঘটনায় রাজ্য প্রশাসন কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহার নিয়ে প্রশ্ন
সূত্রের খবর, সেবাশ্রয় কর্মসূচিতে ঠিক কত টাকার সরকারি ওষুধ ব্যবহার করা হয়েছে, তার চুলচেরা বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সরকারি ওষুধ ব্যবহারের অনুমোদন কে বা কারা দিয়েছিলেন, ইতিমধ্যেই সেই সমস্ত আধিকারিকদের চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এবার চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
ডায়মন্ড হারবারে করোনা পরীক্ষা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ
এদিকে, সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরের বিতর্ক থিতিয়ে না আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে করোনা পরীক্ষা শিবির ঘিরে নতুন করে অনিয়মের অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেছেন, করোনাকালে ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেকের প্রত্যক্ষ নেতৃত্বে ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’ আয়োজিত হয়েছিল।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ওই কর্মসূচির জন্য কেনাকাটা এবং সরকারি সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের পদ্ধতিগত ও আর্থিক অনিয়ম হয়েছে। এই ঘটনায় পুলিশ দ্রুত এফআইআর রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করুক—এমনটাই দাবি জানিয়েছেন ওই বিজেপি নেতা। স্বাস্থ্য দফতরের অনুসন্ধান এবং পুলিশি অভিযোগের জেরে ডায়মন্ড হারবারের এই স্বাস্থ্য কর্মসূচি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন তীব্র শোরগোল পড়ে গিয়েছে।