নিউটাউনের ফ্ল্যাটে টাকার পাহাড়! মাঝরাতে হানা পুলিশের, উদ্ধার ২ কোটি, গ্রেফতার ৭

শহর কলকাতায় ফের বড়সড় আর্থিক দুর্নীতির হদিস। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। এই ঘটনায় এক মহিলাসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

কীভাবে এল পুলিশের হাতে খবর?
পুলিশ সূত্রে খবর, নিউটাউনের ওই ফ্ল্যাটে সাইবার প্রতারণার টাকা মজুত রয়েছে—এমনই গোপন তথ্য আসে গোয়েন্দাদের কাছে। সেই সূত্র ধরেই নিউটাউনের এসিপি উৎসা শ্রীমানির নেতৃত্বে উচ্চপদস্থ আধিকারিকরা সোমবার মাঝরাতে ওই আবাসনে হানা দেন। দীর্ঘ তল্লাশি চালিয়ে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। উদ্ধার হওয়া টাকার সঠিক হিসাব বা উৎস সম্পর্কে ধৃতরা কোনো সদুত্তর দিতে পারেনি।

সিল করা হলো ফ্ল্যাট
অভিযানের সময় পুলিশ ফ্ল্যাট থেকে বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। অপরাধমূলক কাজে ব্যবহারের সন্দেহে মোট চারটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রমাণ লোপাটের সম্ভাবনা এড়াতে ওই ফ্ল্যাটটি রাতেই সিল করে দেওয়া হয়েছে।

তদন্তের মোড় কোনদিকে?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিশাল অঙ্কের টাকা কোনো বড় ধরনের আর্থিক প্রতারণা বা বেআইনি লেনদেন চক্রের অংশ হতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে নিউটাউনের এই ফ্ল্যাটে তারা ঠিক কী ধরনের কাজকর্ম চালাচ্ছিল এবং এই চক্রের নেপথ্যে আর কারা রয়েছে। ফ্ল্যাটের মালিক এবং আবাসনের অন্য বাসিন্দাদেরও জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।

বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *