শ্রাবন্তীর ম্যানেজার গ্রেফতার! ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, কী জানালেন?

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক বা ম্যানেজার অর্ঘ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল ধর্ষণের গুরুতর অভিযোগ। হাওড়ার চ্যাটার্জিহাট থানা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিযুক্তকে সোমবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ কী?
নির্যাতিতার দাবি, গত ১২ এপ্রিল কাজের অজুহাতে চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যর বাড়িতে ডেকে তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার প্রায় দুই মাস পর, ১২ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এর ভিত্তিতেই পুলিশ ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্তে নামে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আইনজীবীর সাফাই
যদিও সোমবার সন্ধ্যায় অভিযুক্তের আইনজীবী সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, যা কিছু ঘটেছে তা ছিল পারস্পরিক সম্মতির ভিত্তিতে। ঘটনার আড়াই মাস পর কেন এই অভিযোগ দায়ের করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কী বললেন শ্রাবন্তী?
ম্যানেজারের গ্রেফতারির খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, “২০২৪ সালে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। কিন্তু এখন যা জানতে পারলাম, তা অত্যন্ত অস্বস্তিকর। ওই ব্যক্তির ব্যক্তিগত জীবনের বিষয়ে আমি কিছুই জানতাম না। এই ঘটনার পর আমি আর কোনোভাবেই তাঁর সঙ্গে কাজ করতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।”

ইতিমধ্যেই অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ঘটনার তদন্তে নেমে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। শ্রাবন্তীর নাম এই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়ায় টলিপাড়ায় এখন জোর শোরগোল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *