মেঘলা দিনেও তলায় তলায় শেষ হচ্ছে ত্বক! সানস্ক্রিন না মাখলে হতে পারে ক্যানসার? জানুন আসল সত্যি

বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি বা মেঘলা আকাশ দেখে ভাবছেন আজ আর সানস্ক্রিন মেখার দরকার নেই? যদি তাই হয়, তবে নিজের ত্বকের সবথেকে বড় ক্ষতিটি আপনিই করছেন। সৌন্দর্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেঘলা দিনেও প্রায় ৮০ শতাংশ অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে পৌঁছায়। ফলে আপনার ত্বক সুরক্ষিত তো নয়ই, উল্টে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়ছে।
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় সূর্যের দাহ হয়তো কম থাকে, কিন্তু ইউভিএ (UVA) রশ্মি সমানভাবে সক্রিয় থাকে। এই অদৃশ্য রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে অকাল বার্ধক্য, বলিরেখা এবং পিগমেন্টেশনের জন্য দায়ী। শুধু তাই নয়, দিনের পর দিন এই অবহেলা ত্বকের ক্যানসারের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দেয়।
অনেকের ধারণা বিকেল ৫টার পর রোদ না থাকলে আর চিন্তার কিছু নেই। কিন্তু সত্যিটা হলো, সূর্য পুরোপুরি অস্ত যাওয়ার আগে পর্যন্ত বিপদ কাটে না। সকালের নরম আলো থেকে শুরু করে বিকেলের হালকা রোদ—ইউভিএ রশ্মি সর্বক্ষণ আপনার ত্বকের ক্ষতি করে চলেছে। তাই দিনের শুরু থেকেই নিয়ম করে সানস্ক্রিন মাখা জরুরি।
আশ্চর্যের বিষয় হলো, ঘরে বা অফিসে থাকলেও আপনার ত্বক সুরক্ষিত নয়। আপনি যদি জানালার ধারে বসে কাজ করেন, তবে কাচ ভেদ করে সূর্যের ক্ষতিকর রশ্মি সহজেই আপনার ত্বকে পৌঁছে যায়। এমনকি গাড়িতে ভ্রমণের সময়ও জানালা দিয়ে আসা রোদ আপনার ত্বকের এক পাশ পুড়িয়ে দিতে পারে। তাই দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে সানস্ক্রিন মাস্ট।
কেবল সানস্ক্রিন মাখলেই হবে না, রোদ হোক বা বৃষ্টি—বাইরে বেরোলে ছাতা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। সঙ্গে ভালো মানের সানগ্লাস এবং টুপি থাকলে সুরক্ষা হবে দ্বিগুণ। মনে রাখবেন, বাইরে বেরোনোর অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন মাখা উচিত। আবহাওয়া যেমনই হোক, সচেতনতাই আপনার ত্বককে রাখবে উজ্জ্বল ও চিরতরুণ।