“৬২৫ এ ২০০ পেয়েছে ছেলে!”-পরীক্ষায় ‘ফেল’ ছেলের জন্য পার্টি আয়োজন বাবা-মায়ের, জেনেনিন কেন?

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে কর্ণাটকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণার পর একটি ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে, যা সবাইকে অবাক করে দিয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও এক ছাত্রের বাড়িতে রীতিমতো ধুমধাম করে পার্টির আয়োজন করেছেন তার বাবা-মা! সাধারণত খারাপ ফলাফলের জন্য যেখানে বাড়িতে তুমুল বকাঝকা বা হতাশার পরিবেশ দেখা যায়, সেখানে এমন ছবি সত্যিই বিরল।

কর্ণাটকের বাগলকোট এলাকার বাসিন্দা অভিষেক নামের এক ছাত্র সদ্য প্রকাশিত দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ৬২৫ নম্বরের মধ্যে একটি বিষয়ে সে পাশ করতে পারেনি এবং মোট পেয়েছে মাত্র ২০০, অর্থাৎ ৩২ শতাংশ নম্বর। স্বাভাবিকভাবেই এমন ফল হতাশাজনক। কিন্তু অভিষেকের বাড়িতে এই ফলাফল নিয়ে কোনো বকাঝকা তো হয়নি, বরং তাঁর বাবা-মা ছেলের জন্য একটি পার্টির আয়োজন করেছেন! পার্টিতে কেক কাটা হয়েছে, হয়েছে এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থা। কেন এমন খারাপ ফলের পরও অভিষেকের বাবা-মা এই ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন? জানা যাচ্ছে, ছেলের মনোবল ভেঙে যাতে না যায় এবং সে যাতে মন খারাপ না করে, সেই উদ্দেশ্যেই তাঁরা এমনটা করেছেন। ছেলেকে সাহস জোগানো এবং আগামী দিনের জন্য উৎসাহিত করাই ছিল তাঁদের লক্ষ্য।

অভিষেকের বাবা বলেছেন যে, তাঁর ছেলে অভিষেক আন্তরিকতার সাথে পড়াশোনা করেছে এবং পরীক্ষাগুলোকেও গুরুত্ব সহকারে নিয়েছে, যদিও পরীক্ষার ফলাফলে তার চেষ্টার প্রতিফলন ঘটেনি। পরিবার জানিয়েছে, এই ব্যতিক্রমী উদযাপন অভিষেককে তার হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী অভিষেক নিজেও বলেছে, ‘পরের বার আমি নিশ্চিত সব বিষয়ে পাশ করব।’ এই ঘটনা প্রমাণ করে যে, খারাপ ফল জীবনের শেষ নয় এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারিবারিক সমর্থন একজন ছাত্রকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করতে পারে।