পহেলগাঁওতে জঙ্গি হানা, হামলাকারীদের খোঁজ দিলেই মিলবে মোটা টাকা পুরস্কার, কোন নম্বরে জানাবেন দেখুন

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের নৃশংস হত্যাকাণ্ডের পর গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। এই হামলার নেপথ্যে থাকা জঙ্গিদের ধরতে কাশ্মীর পুলিশ কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। এরই মধ্যে হামলাকারীদের গতিবিধি সম্পর্কে তথ্য দিলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে অনন্তনাগ পুলিশ।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে বহু পর্যটককে হত্যা করে। এই ঘটনার পর একাধিক মৃতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, জঙ্গিরা গুলি চালানোর আগে পর্যটকদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করছিল এবং বেছে বেছে মূলত হিন্দু পুরুষদের হত্যা করেছে। মহিলা ও শিশুদের তারা আঘাত করেনি, কিন্তু পুরুষদের একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

এই নৃশংস ঘটনার পর হত্যাকারীদের ধরতে মরিয়া কাশ্মীর পুলিশ। একাধিক কেন্দ্রীয় এজেন্সিও তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সমগ্র বৈশরণ উপত্যকা এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের সম্ভাব্য ডেরাগুলিতে ড্রোন উড়িয়েও নজরদারি চলছে। ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজা হচ্ছে সন্ত্রাসবাদীদের।

জঙ্গিরা ঠিক কোন পথে পালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘন পাইন বনে গা ঢাকা দিয়েছে নাকি সীমান্ত পেরিয়ে আবার পাকিস্তানে ফিরে গেছে, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনেও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্য চেয়ে অনন্তনাগ পুলিশের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অনন্তনাগ পুলিশ তাদের অফিসিয়াল ‘এক্স’ (আগের টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে যে, পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিদের গ্রেফতার করার ক্ষেত্রে তাদের গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

অনন্তনাগ পুলিশ এও নিশ্চিত করেছে যে, যিনি বা যাঁরা এই খবর দেবেন, তাঁদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। তথ্য জানানোর জন্য দুটি ফোন নম্বর (৯৯৯৯৭৭৭৬৬৬, ৯৯৯৯৭৭৭৬৬৯) এবং একটি ইমেল আইডি (dpoanantnag-jk@nic.in) প্রকাশ করা হয়েছে।

এদিকে, ভারত সরকার ইতিমধ্যেই পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত সন্দেহে চারজন জঙ্গির ছবি প্রকাশ করেছে। এরা হলো- আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। এরা প্রত্যেকেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর সদস্য। মূলচক্রী হিসেবে সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি নামে টিআরএফ-এর অন্যতম প্রধান মাথার নামও সামনে এসেছে।

পহেলগাঁও হামলার ঘটনার পর ভারত সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা করতে এবং সন্ত্রাসবাদে তাদের মদতের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার কঠোরতম বদলার দাবিও উঠছে।

কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অনন্তনাগ পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুমে একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে। হেল্প ডেস্কের নম্বরগুলি হল ৯৫৯৬৭৭৭৬৬৯ এবং ০১৯৩২২২৫৮৭০। এই ভয়াবহ হামলার পর উপত্যকা জুড়ে এক চাপা উত্তেজনা এবং শোকের আবহ বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ যে কোনও মূল্যে পহেলগাঁওয়ের ঘাতকদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবে।