‘ছিঃ! অশিক্ষিত’, পহেলগাঁও হামলার জিবলি পোস্ট করতেই নেটিজেনদের তোপের মুখে দর্শনা! চাইলেন ক্ষমা

কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ থেকে তারকা পর্যন্ত বিভিন্ন মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এই আবহে অভিনেত্রী দর্শনা বণিকও সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন। পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে একটি জিবলি (Ghibli-style) ছবি পোস্ট করে চরম সমালোচনার শিকার হয়েছেন তিনি।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন বিদেশি নাগরিক ছিলেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নববিবাহিত স্বামীর নিথর দেহের পাশে শোকার্ত অবস্থায় বসে আছেন তাঁর স্ত্রী। এই হৃদয়বিদারক ছবিটি বহু মানুষের চোখে জল এনেছে। এই ঘটনার প্রেক্ষিতেই দর্শনা বণিক সম্ভবত ওই ছবিটির ওপর ভিত্তি করে তৈরি একটি জিবলি শৈলীর ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন।

কিন্তু এমন একটি মর্মান্তিক ঘটনার শোকপ্রকাশে জিবলি ছবি ব্যবহার করা নিয়ে নেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেক নেটিজেনই এই ধরনের পোস্টের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিনেত্রীর সমালোচনা করেন। একজন ব্যক্তি দর্শনার পোস্টটি শেয়ার করে লেখেন, “এই হচ্ছে আমাদের অবস্থা। ছিঃ! অশিক্ষিত কত প্রকার হয় বলতে পারবেন আপনারা?”

দর্শনার পোস্ট নিয়ে কটাক্ষ

চরম কটাক্ষের মুখে পড়েই অভিনেত্রী দ্রুত তাঁর পোস্টটি ডিলিট করে দেন। পরে তিনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন। আজকাল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দর্শনা বণিক জানিয়েছেন, “ছবিটি আমি নিজে বানাইনি। একটা জায়গায় দেখেছিলাম সেখান থেকেই ডাউনলোড করে পোস্ট করেছিলাম। আমি ভীষণই শোকাহত গোটা ঘটনায়। কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কোনও ভুল বার্তা গিয়ে থাকে তাহলে আমি দুঃখিত।”

প্রসঙ্গত, পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীদের হামলায় ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমন একটি জাতীয় শোকের আবহে শোকপ্রকাশের ধরন নিয়ে অভিনেত্রীর পোস্টটি বিতর্কের জন্ম দিয়েছে।