‘ষাট কিলোমিটার ভেতরে চিনা সেনা ঢুকেছে!’ অরুণাচল সীমান্ত নিয়ে বিস্ফোরক দাবির কড়া জবাব দিলেন কিরেন রিজিজু

অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও জল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর স্পষ্ট কথা, চিনা সেনাবাহিনী অরুণাচলপ্রদেশের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেশের নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মনোবল ভেঙে দেওয়ার একটি সুপরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

রিজিজু জানান, অরুণাচল প্রদেশে ভারত ও চীনের একটি দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এখনও পুরোপুরি চিহ্নিত করা হয়নি। ওই সীমান্ত অঞ্চলে কোনও সুনির্দিষ্ট স্তম্ভ বা মাটিতে স্পষ্ট রেখা না থাকায় মাঝেমধ্যেই নানা বিভ্রান্তি তৈরি হয়। আর সেই সুযোগেই কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বা অন্য বিভিন্ন জায়গার পুরোনো ও ভুয়া ছবি বা ভিডিও শেয়ার করে ভীতি ছড়াচ্ছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়া রয়েছে এবং সেনাবাহিনী ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি যৌথভাবে ওই এলাকায় টহলদারি ও নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে।

সীমান্তের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে এভাবে ভুয়ো তথ্য বা অপপ্রচার না চালানোর জন্য সকলের প্রতি কঠোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশের বেশ কিছু স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে তাদের প্রচলিত নামে স্বীকৃতি দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরই সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি করতে এই ধরনের অপচেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *