পহেলগাঁও হামলার পর প্রথমবার জনগণের সামনে প্রধানমন্ত্রী মোদী, অধীর আগ্রহে উপযুক্ত জবাবের দিকে তাকিয়ে গোটা দেশ !

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হওয়া কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর এই প্রথম জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে বিহার সফরে থাকা প্রধানমন্ত্রী এই হামলার প্রেক্ষাপটে কী বার্তা দেন, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

প্রধানমন্ত্রী মোদী আজ বিহারের মধুবনীতে পৌঁছেছেন। সেখান থেকেই তিনি সারা দেশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান (পিআরআই) এবং গ্রামসভাগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী প্রায় ১৩,৫০০ কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি পরিকাঠামো ও কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “দুই দিন আগে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল, যেখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন… এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো দেশ যেভাবে একসঙ্গে দাঁড়িয়েছে, তার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকেও ধন্যবাদ জানান।

পহেলগাঁও হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সিন্ধু জলচুক্তি স্থগিত এবং অন্যান্য কড়া বার্তা দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর এই প্রথম জনসমক্ষে ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাষণ থেকে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলা, দেশের নিরাপত্তা এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কী বার্তা দেন, তা শোনার জন্য অপেক্ষা করছেন দেশের মানুষ।