আইপিএলে থাকছে না চিয়ারলিডার-আতশবাজি, বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আজকের ম্যাচের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।
সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশের অংশ হিসেবে শুধু নীরবতা পালনই নয়, আজকের আইপিএল ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জানানো হয়েছে, প্রতিদিনের মতো আজকের ম্যাচে কোনও চিয়ারলিডার থাকবেন না। ফোটানো হবে না কোনও আতশবাজিও। পুরো ম্যাচ জুড়েই থাকবে শোকের আবহ। খেলোয়াড়, আম্পায়ারদের পাশাপাশি ম্যাচ অফিশিয়ালস, ধারাভাষ্যকার এবং সাপোর্ট স্টাফদেরও কালো বাহুবন্ধনী পরতে অনুরোধ জানানো হয়েছে।
বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্থান টাইমসকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেছেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আজকের ম্যাচে চিয়ারলিডার বা আতশবাজি থাকবে না। খেলোয়াড় ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরবেন। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হবে।’
পহেলগাঁওয়ের এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এটি একটি ঘৃণ্য ও কাপুরুষোচিত কাজ, যা পুরো জাতিকে এক করে দেবে — একটিও বাদ নয়।’
সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘হৃদয়বিদারক’ বললেও কম বলা হবে। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। যারা তাঁদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের জন্য গভীর সমবেদনা। তাঁরা যেন শান্তিতে বিশ্রাম পান। এই ঘৃণা কবে শেষ হবে?’
পহেলগাঁওয়ের বর্বরোচিত হামলার পর যখন গোটা দেশ শোকাহত এবং ক্ষুব্ধ, তখন আইপিএলের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে এই ধরনের উদ্যোগ নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি কড়া বার্তা দিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।