জাতীয় শোকের আবহে শুরু হায়দরাবাদ-মুম্বই ম্যাচ, কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন দুই দলের অধিনায়ক

দেশজুড়ে শোকের আবহের মধ্যে আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। এই গম্ভীর পরিস্থিতিতে আগেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দু দলের খেলোয়াড়রাই শোকের প্রতীক হিসেবে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। টসের সময় শুধু মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াই নন, সানরাইজার্সের অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও কালো ব্যান্ড পরা অবস্থায় দেখা যায়। টসের পরেই দুই অধিনায়ক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
টসের আগে সঞ্চালক হর্ষ ভোগলে উল্লেখ করেন যে দেশ জুড়েই শোকের আবহ থাকায় আজকের ম্যাচটি নিছকই একটি খেলা হবে, কোনও বিনোদন নয়। হায়দরাবাদের মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। টস জিতে গ্যালারিতে দর্শকদের বিশাল গর্জন শোনা যায়। মুম্বই অধিনায়ক তাঁর বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যারা এমন কাজ করেছে তারা কাপুরুষের মতো আচরণ করেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও কাশ্মীরের এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে শোকবার্তা দিয়েছেন। সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, তিনি শুধু সানরাইজার্সের খেলোয়াড় হিসেবে নয়, প্রত্যেক অস্ট্রেলিয়ানের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। কামিন্স আরও যোগ করেন যে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ভারতে প্রচুর ভালোবাসা ও সম্মান পান, তাই এই ঘটনা তাদের কাছেও অত্যন্ত অস্বস্তিকর।
মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন রোহিত শর্মা। বোলিংয়ে সুযোগ দেওয়া হয় বাঁ হাতি রিস্ট স্পিনার বিগ্নেশ পুথুরকে। অন্যদিকে, সানরাইজার্স তাদের ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় মহম্মদ সামিকে রেখেছে। ফলে বোলিংয়ের সময় সামি নাকি রাহুল চাহার নামবেন, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল।
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি, ঈশান মালিঙ্গা। ইমপ্যাক্ট অপশন- অভিনব মনোহর, সচিন বেবি, মহম্মদ সামি, রাহুল চাহার, উইয়ান মুল্ডার।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর। ইমপ্যাক্ট অপশন- রোহিত শর্মা, করবিন বশ, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, সত্যনারায়ণ রাজু।