অধিনায়কত্বের ব্যাটন ফের সঞ্জুর হাতে, কিপিংয়েরও ছাড়পত্র পেলেন রাজস্থান রয়্যালসের তারকা

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৮তম আসর। রাজস্থান রয়্যালস তাদের প্রথম তিনটি ম্যাচ খেলে ফেলেছে। তবে প্রথম তিন ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হাতে চোট পেয়েছিলেন দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। সেই কারণে তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছিলেন এবং তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কিপিংয়ের দায়িত্ব সামলেছেন ধ্রুব জুরেল। প্রথম দুটি ম্যাচে হারলেও, গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। এবার দলের জন্য এল আরও এক খুশির খবর। ফের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলেছেন সঞ্জু স্যামসন।

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স (NCA) সঞ্জু স্যামসনকে কিপিংয়েরও ছাড়পত্র দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দলের নেতৃত্বও দেবেন সঞ্জু স্যামসনই। রাজস্থানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে নেতৃত্ব দেবেন সঞ্জু এবং তিনিই কিপিং করবেন। ফলে ধ্রুব জুরেল সম্ভবত সেই ম্যাচগুলোতে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলবেন।

প্রথম তিন ম্যাচে সঞ্জু স্যামসন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার কারণে রাজস্থান রয়্যালস তাদের পরিকল্পনায় খুব বেশি পরিবর্তন আনতে পারছিল না। তবে সঞ্জু স্যামসন অধিনায়ক হিসেবে কিপিং ও ব্যাটিং দুটোই করার ছাড়পত্র পাওয়ায়, ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহারের ক্ষেত্রে দল প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। এবারের আইপিএলে তিন ম্যাচে ৯৯ রান করেছেন সঞ্জু স্যামসন, তাঁর স্ট্রাইকরেটও প্রায় ১৫৫-এর কাছাকাছি। ব্যাট হাতে তিনি যে ছন্দে রয়েছেন, তা বলাই বাহুল্য। রাজস্থান শিবির এখন তাঁর কাছ থেকে আরও বড় ইনিংসের অপেক্ষায়।