তীব্র গরমে কি এগিয়ে আসবে গরমের ছুটি? বিকাশ ভবনের সিদ্ধান্ত জানতে অপেক্ষা

মার্চ মাসের তীব্র গরমে নাজেহাল পশ্চিমবঙ্গবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলে। রাজ্যের কিছু জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে বড়দের পাশাপাশি পড়ুয়াদের নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা। সময়ের অনেক আগেই তাপপ্রবাহ শুরু হওয়ায়, গরমের ছুটি কি এবার এগিয়ে আসবে? এই বিষয়ে বিকাশ ভবন কী সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে চলছে জল্পনা।

গরমের ছুটি নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে নয় বিকাশ ভবন:

বিকাশ ভবন সূত্রে খবর, গরমের ছুটি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য শিক্ষা দফতর। জেলাভিত্তিক তাপমাত্রার রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে বিবেচনা করা হবে। সেই কারণে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে চাইছে বিকাশ ভবন। সাধারণত, পশ্চিমবঙ্গে গরমের ছুটি মে মাসের ১২ থেকে ২৩ তারিখ পর্যন্ত থাকে। তবে, রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক মাসে গরমের তীব্রতা কোথায় পৌঁছবে, তা নিয়ে চিন্তিত শিক্ষকমহল।

ছুটির বদলে স্কুলের সময় পরিবর্তনের পক্ষে শিক্ষকরা:

বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে দীর্ঘ দেড় মাস গরমের ছুটি দেওয়া হচ্ছে। এর ফলে পড়ুয়ারা আগের পড়া ভুলে যাচ্ছে। তাই, অধিকাংশ শিক্ষকই গরমের ছুটি বাড়ানোর পরিবর্তে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনার পক্ষে মত দিচ্ছেন। পঠনপাঠন যাতে ব্যাহত না হয়, তার জন্য অনেক শিক্ষকই ছুটির বদলে সকালে স্কুল চালু রাখার প্রস্তাব দিচ্ছেন।

আগামী দিনে তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে প্রাথমিক স্কুলগুলির ক্লাসের সময়সীমা পরিবর্তন করা হবে কি না, সেই বিষয়ে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আসতে শুরু করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও, খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।

দীর্ঘ ছুটি নিয়ে সিলেবাস শেষ করার চিন্তা:

বিগত কয়েক বছরের মতো এ বছরও যদি গরমের ছুটির তালিকা দীর্ঘ হয়, তবে স্কুলগুলির পক্ষে বিশাল সিলেবাস শেষ করা কঠিন হবে। বিশেষ করে, দীর্ঘ ছুটি থাকলে দ্বিতীয় সামিটিভ পরীক্ষার সিলেবাস শেষ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

নতুন পাঠ্যক্রম অনুযায়ী, বর্তমানে পড়ুয়াদের বছরে তিনবার – এপ্রিল, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে ক্লাস ভিত্তিক মূল্যায়ন করা হয়। স্কুলগুলিতে ইতিমধ্যেই প্রথম সামিটিভ পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা শেষ হওয়ার পরেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে। এই সমস্ত কারণ বিবেচনা করেই গরমের ছুটি নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য স্কুল শিক্ষা দফতর।