“১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে দেশের আর্থিক নিয়ম!” পকেট বাঁচাতে গ্যাস থেকে এফডি—কোন কোন বিষয়ে কড়া নজর রাখবেন?

আসছে ১ অক্টোবর ২০২৬ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। রান্নার গ্যাসের সাবসিডি, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD), অনাবাসী ভারতীয় বা NRI-এর কাছ থেকে সম্পত্তি কেনা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো অত্যন্ত জরুরি ক্ষেত্রগুলিতে এই নতুন নিয়মগুলি কার্যকর হবে। ফলে উৎসবের মরশুমের আগেই গ্রাহক ও করদাতাদের এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন।

এলপিজি-তে বাধ্যতামূলক বায়োমেট্রিক আধার যাচাই
আগামী ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত দামে গৃহস্থালির এলপিজি (LPG) রিফিল বুক করার ক্ষেত্রে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বা BAA বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই দেশের প্রায় ২৭.৪৩ কোটি সক্রিয় গ্রাহক, অর্থাৎ মোট গ্রাহকের প্রায় ৮৯.৯ শতাংশ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। যারা এখনও এই যাচাইকরণ করেননি, তাঁরা গ্যাস ডেলিভারির সময়, ডিস্ট্রিবিউটরের শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল সংস্থার অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে এটি করতে পারবেন।

ইন্ডেন গ্রাহকরা ‘IndianOil ONE’, ভারতগ্যাস গ্রাহকরা ‘HelloBPCL’ এবং এইচপি গ্যাস গ্রাহকরা ‘HP PAY’ অ্যাপ ব্যবহার করে এই কাজ করতে পারবেন। তবে মনে রাখতে হবে, আধার অথেন্টিকেশন না করলেও গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হবে না, কিন্তু ভর্তুকিযুক্ত দামে রিফিল পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে এবং বাজারদরেই গ্যাস কিনতে হতে পারে।

এফডি-তে সুদের হার নিয়ে নতুন নিয়ম
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডি-র ক্ষেত্রেও আসছে বড় সংস্কার। একই দিনে, একই ধরনের এবং একই পরিমাণ আমানতের ক্ষেত্রে যাতে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় সুদের হারে কোনো তারতম্য না ঘটে, তার জন্য সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বড় অঙ্কের বা ‘বাল্ক ডিপোজিট’-এর ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে সুদের হার সম্পর্কে আরও বেশি স্বচ্ছ হতে হবে এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য প্রকাশ করতে হবে।

এনআরআই-এর কাছ থেকে সম্পত্তি কিনলে টিডিএস-এ পরিবর্তন
১ অক্টোবর থেকে কোনো অনাবাসী ভারতীয় বা এনআরআই-এর কাছ থেকে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে টিডিএস (TDS) রিপোর্টিংয়ের নিয়মে বড় সরলীকরণ করা হচ্ছে। আবাসিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার বা HUF-এর জন্য এই প্রক্রিয়া আরও সহজ করার ব্যবস্থা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আলাদা করে ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নম্বর বা TAN নেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। ক্রেতা এখন থেকে কেবল নিজের প্যান (PAN) কার্ড ব্যবহার করেই টিডিএস কাটা, জমা দেওয়া এবং তা রিপোর্ট করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সংশোধিত Form 141-এ সম্পত্তি, ক্রেতা এবং এনআরআই বিক্রেতা সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেরি হলে বাড়াবে জটিলতা
জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিবন্ধনের ক্ষেত্রেও সময়সীমার কড়াকড়ি আসছে। নির্ধারিত ২১ দিনের মধ্যে নিবন্ধন না করা হলে দেরিতে নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত নথিপত্র, এফিডেভিট বা হলফনামা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের বিশেষ অনুমোদনের মতো দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

জ্বালানির দামে নজর
প্রতি মাসের ১ তারিখে দেশের তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল, ডিজেল, এলপিজি, সিএনজি এবং পিএনজি-সহ বিভিন্ন জ্বালানির দাম পর্যালোচনা করে থাকে। ফলে আগামী ১ অক্টোবরের কাছাকাছি সময়ে জ্বালানির দামে কোনো পরিবর্তন আসে কি না, সেদিকেও কড়া নজর রয়েছে সাধারণ মানুষের। সবমিলিয়ে, অক্টোবরের শুরু থেকেই রান্নার গ্যাস ব্যবহারকারী, এফডি গ্রাহক, সম্পত্তি ক্রেতা এবং সাধারণ নাগরিকদের জীবনে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *