“সংস্কৃতি কি কেবল নারীর ক্লিভেজে সীমাবদ্ধ?” পোশাক বিতর্ক ও হেনস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য দক্ষিণী অভিনেত্রীর!

বিনোদন দুনিয়ায় পোশাক বিতর্ক এবং ট্রোলিং যেন জলভাত। কৃতি স্যাননের পর এবার সেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল দক্ষিণী তথা জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য লক্ষ্মীকে। চলতি বছরের মে মাসে একটি গয়নার প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় তাঁর পরা একটি পোশাক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল চর্চা ও সমালোচনা। অবশেষে সেই ঘটনার নেপথ্য সত্য এবং তাঁর মানসিক অস্বস্তির কারণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বর্য স্পষ্ট জানিয়েছেন, সেদিন জনসমক্ষে তাঁর অস্বস্তির কারণ ওই পোশাকটি ছিল না, বরং কিছু চিত্রগ্রাহকের অশালীন আচরণ ও ক্যামেরার ফোকাস তাঁকে চরম বিব্রত করেছিল। অভিনেত্রীর অভিযোগ, ক্যামেরার লেন্স তাঁর মুখের ওপর রাখার পরিবর্তে শরীরের নির্দিষ্ট অংশের দিকে তাক করা হয়েছিল, যা তাঁর ব্যক্তিগত সীমানার চরম লঙ্ঘন। অথচ নেটিজেনরা আসল বিষয়টি না বুঝে কেবল তাঁর পোশাক ও অস্বস্তি নিয়েই নানা কটূক্তি করেছিলেন।
ট্রোল ও কুরুচিকর মন্তব্যের মোক্ষম জবাব দিয়ে সমাজকে কাঠগড়ায় তুলে ঐশ্বর্য সরাসরি প্রশ্ন করেছেন, “আমাদের সংস্কৃতি কি কেবল কোনো নারীর ক্লিভেজ বা পোশাকের দৈর্ঘ্যের মধ্যেই সীমাবদ্ধ?” তাঁর মতে, শালীনতা বা সংস্কৃতি কখনোই কেবল পোশাকে মাপা যায় না, মানুষের মনন ও আচরণে তার আসল প্রকাশ ঘটে। দেশের জিডিপি বৃদ্ধি কিংবা বয়স্ক বাবা-মাকে অবহেলার মতো অত্যন্ত গুরুতর ও বাস্তব সমস্যাগুলি বাদ দিয়ে কেন সবসময় নারীর শরীর ও পোশাক নিয়ে কাটাছেঁড়া করা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। অভিনেত্রীর এই সাহসী ও স্পষ্টবাদী অবস্থান বিনোদন জগতে নারী স্বাধীনতা এবং সমাজের দ্বিমুখী নীতি নিয়ে নতুন করে জোরালো বিতর্ক তৈরি করেছে।