মাঝপথেই কি বন্ধ হয়ে যাবে ম্যাচ? ভারত-আফগানিস্তান সিরিজের আগে আবহাওয়ার পূর্বাভাসে বড় বিপদের শঙ্কা!

ব্রিকস সামিটের ব্যস্ততা এবং নিরাপত্তার কড়াকড়িকে পেছনে ফেলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারত ও আফগানিস্তান। ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দিল্লি ট্রাফিক পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন ডিডিসিএ (DDCA) কর্তারাও। তবে সব প্রস্তুতি সত্ত্বেও ক্রিকেটপ্রেমীদের মনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে আবহাওয়ার পূর্বাভাস। রবিবারের এই হাই-ভোল্টেজ ম্যাচটিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
গত পনেরো দিন ধরে দিল্লিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ম্যাচের দিন প্রায় ৬৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর ও বিকেলের পর থেকে পরিস্থিতি বদলাতে পারে। দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ থাকলেও, বেলা গড়ালে তা এক লাফে ৫০ শতাংশে পৌঁছে যাওয়ার কথা। সন্ধে সাতটায় ম্যাচ শুরু হওয়ার সময় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম (৩৭ শতাংশ) থাকলেও, রাত আটটা থেকে দশটার মধ্যে অর্থাৎ ম্যাচের মোক্ষম সময়ে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে স্বস্তির খবর একটাই, এই বৃষ্টির কারণে পুরো ম্যাচটি একেবারে ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম থাকলেও মাঝপথে কিছুক্ষণ খেলা বিঘ্নিত হতে পারে। দীর্ঘ চোট সারিয়ে এই সিরিজেই কামব্যাক করছেন যশপ্রীত বুমরা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে, দেশের মাটিতে প্রথমবার অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে নামছেন শ্রেয়স আইয়ার। জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে এই প্রথম পূর্ণাঙ্গ সিরিজে নামছে ভারতীয় দল। এখন দেখার, প্রকৃতির চোখরাঙানিকে উপেক্ষা করে শ্রেয়স বাহিনী জয় দিয়ে মাঠ ছাড়তে পারে কি না।