গরম চায়ে চুমুক দিয়েই কি সিগারেটে টান দিচ্ছেন? অজান্তেই কোন মারণরোগের ফাঁদে পা দিচ্ছেন জানেন?

শীত হোক বা গরম, একটু চাঙ্গা হতে কিংবা কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে অনেকেরই জুঁইয়ে গরম চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সিগারেট ধরানোর বদভ্যাস থাকে। বন্ধুদের আড্ডায় বা অফিসের ডেস্কে এই দৃশ্য খুবই সাধারণ। কিন্তু চিকিৎসকদের মতে, সামান্য এই অভ্যাসের পেছনে লুকিয়ে রয়েছে এক ভয়ানক মারণফাঁদ। একসঙ্গে গরম চা ও ধূমপান করার এই মারাত্মক নেশা আপনার শরীরকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
কেন বিপজ্জনক এই অভ্যাস?
বিশেষজ্ঞদের মতে, যখন কেউ অত্যন্ত গরম চা বা পানীয় পান করার পরপরই ধূমপান করেন, তখন মুখের ভেতরের সংবেদনশীল টিস্যু এবং খাদ্যনালী (Esophagus) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গরম পানীয়র কারণে মুখের ভেতরের ত্বক এমনিতেই নরম ও সংবেদনশীল হয়ে থাকে, আর তার ওপর সিগারেটের ধোঁয়া ও তাতে থাকা বিষাক্ত রাসায়নিক সরাসরি প্রবেশ করলে কোষগুলি দ্রুত নষ্ট হতে শুরু করে।
ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়
চিকিৎসকদের দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে, যারা নিয়মিত এই অভ্যাসের শিকার, তাঁদের ক্ষেত্রে ওরাল ক্যানসার (Oral Cancer) এবং খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। অতিরিক্ত গরম চা খাদ্যনালীর কোষগুলোকে পুড়িয়ে দেয় এবং ধূমপানের কার্সিনোজেন বা ক্যানসার সৃষ্টিকারী উপাদানগুলি সেই ক্ষতিগ্রস্ত কোষে খুব সহজেই বাসা বাঁধতে পারে। ফলে একসময় তা মারাত্মক রূপ ধারণ করে।
অন্যন্য শারীরিক জটিলতা
ক্যানসার ছাড়াও এই ধরনের বাজে অভ্যাসের ফলে পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়। হজমের গোলযোগ, গ্যাস্ট্রিক আলসার এবং মুখের ভেতর ঘা বা ক্ষত তৈরি হওয়ার মতো সমস্যা নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়।
তাই সুস্থ ও দীর্ঘ জীবন পেতে হলে চা খাওয়ার সঙ্গে সঙ্গেই ধূমপান করার এই মারণ অভ্যাস আজই ত্যাগ করুন। ছোট্ট একটি পরিবর্তনের মাধ্যমেই আপনি নিজেকে রক্ষা করতে পারেন এক ভয়াবহ বিপদের হাত থেকে।
(ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ সচেতনতার উদ্দেশ্যে তৈরি। কোনো ধরনের শারীরিক জটিলতা থাকলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।)