পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি! ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় ময়দান

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বিচ্ছেদ এবং একের পর এক বিস্ফোরক অভিযোগের মাঝেই এবার বড়সড় বিপদের মুখে পড়লেন লাল-হলুদের একমাত্র আইএসএল জয়ী কোচ অস্কার ব্রুজো। সোশাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর পরিবারকে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, এই কঠিন পরিস্থিতিতে কলকাতা পুলিশ এবং ভারতে অবস্থিত স্পেনের দূতাবাসকে ট্যাগ করে বিষয়টি ইতিমধ্যেই বিস্তারিতভাবে জানিয়েছেন ক্ষুব্ধ কোচ।

সম্প্রতি ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুদার নাম করে ইস্টবেঙ্গলের অন্দরের দলীয় রাজনীতি ও একাধিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে সরাসরি তোপ দেগেছিলেন অস্কার। তাঁর অভিযোগ, সেই বিস্ফোরক মন্তব্যের পরেই তাঁকে এবং তাঁর সহকর্মীদের নিশানা করে কুরুচিকর আক্রমণ ও প্রাণনাশের হুমকি ভরা প্রচুর বার্তা পাঠানো শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু হুমকির স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন তিনি।

অস্কারের পাশাপাশি তাঁর সহকারী আদ্রিয়ানও একই ধরনের হুমকির শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। সমালোচনার মাত্রা যখন মতপার্থক্য পেরিয়ে সরাসরি খুনের হুমকিতে গিয়ে ঠেকেছে, তখন এর নেপথ্যে ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতির হাত রয়েছে বলেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন কোচ। তবে নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া এখনই কারো নাম সরাসরি না করলেও, ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষকর্তার দিকেই সন্দেহের আঙুল তুলেছেন তিনি। ফুটবল কেরিয়ারে এই ধরনের নোংরা আক্রমণ ও হুমকি যে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ব্রুজো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *