রাস্তায় বেরোলেই প্রস্রাবের বেগ আসে, জেনেনিন কেন হয় এমনটা?

রাস্তায় বেরোলেই প্রস্রাবের বেগ আসে? এই সমস্যায় অনেককেই নাজেহাল হতে হয়। এর কারণ মূত্রাশয়ের পেশির সমস্যা। যাঁদের মূত্রাশয়ের পেশি তুলনামূলক ভাবে দুর্বল হয়, তাঁদের ঘন ঘন প্রস্রাব পেতে থাকে। বাড়ি থেকে বেরোনোর আগে শৌচালয়ে যাওয়ার প্রবণতা থাকে। বাড়ি থেকে বেরিয়েও আবার তলপেটে চাপ পড়তে থাকে। বেড়াতে গেলে এই সমস্যা থাকলে বেশ ঝক্কি পোহাতে হয়।

সারা দিনে ৬ থেকে ৮ বারের বেশি প্রস্রাব হলে এবং প্রয়োজনে প্রস্রাব চেপে রাখতে না পারলে ধরে নিতে হবে, আপনার মূত্রথলিতে সমস্যা হচ্ছে। এই সমস্যা দীর্ঘ দিন চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। কিন্তু কিছু কিছু খাবার ও পানীয় রোজকার খাদ্যতালিকা থেকে বাদ দিলে এই সমস্যা খানিকটা হলেও কমতে পারে। কোন কোন খাবার এড়িয়ে চলবেন, রইল তালিকা।

১) সোডাযুক্ত পানীয়: গরমে মাঝেমধ্যেই সোডাযুক্ত পানীয়ে চুমুক দেন? যদি মূত্রাশয়ের পেশি দুর্বল হয়, তা হলে সোডা-যুক্ত পানীয় এড়িয়ে চলাই ভাল। নরম পানীয় বা লেমনেডে থাকা দ্রবীভূত কার্বন ডাই-অক্সাইড মূত্রাশয়ে চাপ দেয়। ফলে সমস্যা বাড়ে। বিশেষ করে ভ্রমণের সময় একেবারেই এই প্রকার পানীয় খাওয়া যাবে না।

২) কফি: মূত্রাশয়ের পেশি দুর্বল হলে কফি জাতীয় পানীয় বেশি না খাওয়াই ভাল। কারণ, কফিতে ক্যাফেইন জাতীয় উপাদান থাকে। এই কারণে ঘন ঘন কফি খেলে বার বার প্রস্রাব পায়।

৩) কৃত্রিম চিনি: অনেকেই চিনির বদলে কৃত্রিম চিনি খান। কিন্তু গবেষণা বলছে, কৃত্রিম চিনি বা সুইটনারে এমন কিছু উপাদান থাকে, যেগুলি মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে মূত্রাশয়ের পেশিতে চাপ পড়ে। তাই এগুলি এড়িয়ে যাওয়াই ভাল।

৪) মদ্যপান: মদ জাতীয় পানীয় শরীর শুকিয়ে দেয়, শরীরে জমা জল বার করে দেয়। ফলে প্রচুর মূত্র তৈরি হতে থাকে। যাঁদের ঘন ঘন প্রস্রাব পায়, তাঁদের মদ্যপান এড়িয়ে চলাই ভাল।

যাঁদের এই ধরনের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই গরমে মূত্রনালির সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। রাস্তার ধারে শৌচালয়গুলি ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। এই রকম সমস্যা থাকলে শ্রোণিদেশের পেশি মজবুত করার জন্য কিছু ব্যায়াম এবং যোগাসন করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *