স্পাই হিরোদের টেক্কা দিতে আসছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। একের পর এক সাফল্যের দেখা যাচ্ছেন তিনি। তারমধ্যেই এবার খবর এলো, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ছবিতে অভিষেক হতে যাচ্ছে আলিয়া ভাটের।

বক্স অফিসে বরাবরই ঝড় তুলেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ছবিগুলো। ইতোপূর্বেই সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোনকে স্পাই ইউনিভার্সের ছবিগুলোতে দাপট দেখাতে দেখা গেছে। এবার এই স্পাই ইউনিভার্সে পা রাখতে চলেছেন আলিয়া ভাট।

জানা গেছে, শাহরুখ খান, হৃতিক রোশন সালমান খানের মতো আলিয়াকেও সুপার এজেন্টের ভূমিকায় দেখা যাবে। যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়ার টিম নারী গোয়েন্দাকে নিয়ে এক দুরন্ত ছবি আনার প্রস্তুতি নিচ্ছেন। সেই চরিত্রেই আলিয়া ভাটকে তারা নির্বাচন করেন।

জানা গেছে, আলিয়া এ ব্যাপারে দারুণ উচ্ছ্বসিত। এর আগে ‘রাজি’ ছবিতে এই বলিউড নায়িকা স্পাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু নির্মাতাদের দাবি, আলিয়াকে এর আগে এমন ভূমিকায় দেখা যায়নি।

বলা হচ্ছে, আলিয়াই প্রথম অভিনেত্রী যাকে স্পাই ইউনিভার্সের ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। এর আগে দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফদের গুপ্তচরের ভূমিকায় দেখা গেলেও তারা ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন না।

এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আলিয়ার ক্যারিয়ারের প্রথম হলিউড প্রকল্প ‘হার্ট অব স্টোন’। এছাড়াও চলতি মাসেই আসতে চলেছে তার অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। করণ জোহর পরিচালিত এই ছবিতে তিনি রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *