পালসিট-ডানকুনি ৬ লেন ও নতুন ফরাক্কা সেতু উদ্বোধন! ১২ জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় বদলের ইঙ্গিত

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক অনুষ্ঠানে ২২টি জাতীয় ও রাজ্য মহাসড়ক প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৭০০ কোটি টাকা। এই মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের জন্য অতিরিক্ত ১ লক্ষ কোটি টাকার সড়ক ও পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর আর্জি ও আশ্বাসঅনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আর্জি জানান। তিনি বলেন, নতুন সরকার কেন্দ্রে ও রাজ্যে সমন্বয় রেখে কাজ করবে এবং প্রয়োজনীয় জমি রাজ্য সরকার দেবে। বিরোধী দলনেতা থাকাকালীন নীতিন গডকড়ীর সান্নিধ্য ও পথনির্দেশের কথা স্মরণ করে শুভেন্দু জানান, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গকেও একইভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দিল্লি থেকে হরিদ্বার বা লখনউ পৌঁছানোর দ্রুত সময়ের কথা এবং অসমের জাতীয় সড়কে রাফাল যুদ্ধবিমান নামানোর সাফল্যের উল্লেখ করে গডকড়ীকে ‘বিকাশ পুরুষ’ আখ্যা দেন তিনি এবং বাংলার পাশে থাকার আহ্বান জানান।

উদ্বোধন ও ১২ জেলার যোগাযোগ উন্নয়ন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের ১২টি জেলার সড়ক নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। এদিনের কর্মসূচিতে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশকে ছয় লেন হাইওয়েতে পরিণত করার কাজ সম্পন্ন হওয়ায় তার উদ্বোধন করা হয়, যাতে ইতিমধ্যে ২ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের অন্তর্গত ফরাক্কা ব্যারাজের ওপর ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেনের নতুন সেতুটিরও উদ্বোধন করা হয় এদিন, যা উত্তর ও দক্ষিণবঙ্গের যাতায়াতে বাড়তি গতি আনবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *