৭ বছরের আইনি লড়াইয়ের অবসান! জেট এয়ারওয়েজ কর্মীদের ৪৮০ কোটি টাকার বকেয়া সুদ-সহ মেটানোর নির্দেশ NCLAT-এর

সাত বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বড়সড় স্বস্তি পেতে চলেছেন জেট এয়ারওয়েজের প্রাক্তন কর্মীরা। বন্ধ হয়ে যাওয়া এই বিমান সংস্থার যোগ্য কর্মীদের বকেয়া গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড (PF)-এর টাকা সুদ-সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল আপিলেট ট্রাইব্যুনাল (NCLAT)। আগামী দু’সপ্তাহের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্মীদের বকেয়া গ্র্যাচুইটি ও পিএফ বাবদ মোট পাওনার পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা। নির্দেশ অনুযায়ী, গ্র্যাচুইটির টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এবং প্রভিডেন্ট ফান্ডের বকেয়া সংশ্লিষ্ট পিএফ দপ্তরের মাধ্যমে কর্মীদের অ্যাকাউন্টে জমা করা হবে। ১৯৭২ সালের পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইন অনুযায়ী, কোনো সংস্থায় টানা পাঁচ বছর কাজ করার পর কর্মীরা শেষ পাওয়া বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন।
দীর্ঘ আইনি জটিলতা ও প্রেক্ষাপটআর্থিক সঙ্কটে পড়ে ২০১৯ সালের এপ্রিল মাসে বিমান পরিষেবা বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ। সংস্থাটিকে ফের চালু করতে ২০২১ সালে এগিয়ে আসে জালান-কালরক কনসোর্টিয়াম এবং ওই বছরের জুনে পরিকল্পনা অনুমোদিত হলেও আর্থিক দায়বদ্ধতা, ব্যাঙ্ক গ্যারান্টি ও বকেয়া মেটানো নিয়ে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট সংস্থার সম্পদ লিকুইডেশন বা নিষ্পত্তির নির্দেশ দেয়।
এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-সহ একাধিক ঋণদাতা সংস্থা যুক্তি দিয়েছিল যে, কর্মীদের বকেয়া পিএফ ও গ্র্যাচুইটিকে লিকুইডেশন সম্পদের অংশ হিসেবে গণ্য করা উচিত। তবে গত জুনে NCLAT রায় দেয় যে, আলাদা তহবিল থাক বা না থাক, কর্মীরা তাঁদের পুরো পিএফ ও গ্র্যাচুইটির প্রাপ্য পাবেন এবং তা সাধারণ ঋণ পরিশোধের প্রক্রিয়ার বাইরে। অগাস্টে সুপ্রিম কোর্টও ওই রায়ের ওপর হস্তক্ষেপ করতে অস্বীকার করে। সব মিলিয়ে ট্রাইব্যুনালের এই নির্দেশে দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা হাতে পাওয়ার পথ সুগম হলো জেট এয়ারওয়েজ কর্মীদের।