ইউপি ভোটে আসন সমঝোতা নিয়ে টানাপড়েন ‘কংগ্রেস ভিক্ষা করছে না’, মন্তব্যের পর খাড়্গের সতর্কবার্তা

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টন নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (SP) মধ্যে টানাপড়েন ক্রমেই প্রকাশ্যে আসছে। শরিক দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের পর এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কড়া বার্তার মুখে পড়লেন দলীয় সাংসদ ইমরান মাসুদ। বৃহস্পতিবার খাড়্গে স্পষ্ট করে দিয়েছেন, শুধু কথার ফুলঝুরি না ছুটিয়ে এখন ঐক্যবদ্ধভাবে কাজে মন দেওয়াটাই সবচেয়ে জরুরি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইমরান মাসুদের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে এদিন খাড়্গে বলেন, টেলিভিশনে তিনি প্রায়ই ইমরান মাসুদকে দেখেন এবং তিনি ভীষণ আবেগের সঙ্গে কথা বলেন। তবে কংগ্রেস সভাপতির মতে, শুধু কথায় নয়, কাজে বেশি নজর দিতে হবে; একসঙ্গে কাজ করলেই দল এগিয়ে যাবে। একইসঙ্গে সংসদে দলের হয়ে তাঁর লড়াই এবং অবস্থান তুলে ধরার ভূমিকার প্রশংসাও করেছেন খাড়্গে।
মূলত উত্তরপ্রদেশের আসন সমঝোতা নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের এই দুই শরিকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সূত্রের খবর, কংগ্রেস যেখানে বড় সংখ্যক আসন দাবি করেছে, সেখানে সপা প্রাথমিকভাবে মাত্র ২৬টি আসনের প্রস্তাব দেওয়ায় অসন্তোষ তৈরি হয় কংগ্রেস শিবিরে। এই সংঘাত আরও বাড়ে গত মঙ্গলবার, যখন আসন রফা নিয়ে আলোচনা চলাকালীনই অখিলেশ যাদবের দল পাঁচটি আসনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় বেহাত ও সাহারানপুর আসনেও প্রার্থী দেয় সপা। এই দুটি কেন্দ্র ইমরান মাসুদের লোকসভা কেন্দ্র সাহারানপুরের অন্তর্গত এবং সেখানে কংগ্রেসও লড়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
সপার এই একতরফা প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ইমরান মাসুদ প্রকাশ্যেই অখিলেশের দলের সমালোচনায় সরব হন। তাঁর অভিযোগ, সপার এই পদক্ষেপে আদতে বিজেপিরই সুবিধা হচ্ছে। মাসুদ বলেন, কংগ্রেস আসনের জন্য ভিক্ষা করছে না, জোটে সবার সমান সম্মান থাকা উচিত এবং নিজের শরিকদের সঙ্গে লড়াই করলে বিজেপিরই হাত শক্ত হবে। জোটের স্বার্থেই কংগ্রেস তাদের প্রার্থী তালিকা আটকে রেখেছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, জোটের অন্দরের অস্বস্তি কাটাতে সপা প্রধান অখিলেশ যাদবও বার্তা দিয়েছেন যে, আলোচিত ২৬টি আসনের বাইরেও কংগ্রেস কোন কোন কেন্দ্রে লড়তে চায় তা চিহ্নিত করা উচিত এবং আসন সংখ্যার অনড় দাবির বদলে প্রার্থীর জয়ের সম্ভাবনা ও পারস্পরিক সমঝোতাকেই আলোচনার ভিত্তি করা দরকার। দুই শীর্ষ নেতৃত্ব সমঝোতার কথা বললেও ইমরান মাসুদের প্রকাশ্য ক্ষোভ উত্তরপ্রদেশে জোটের সমীকরণে নতুন চাপ তৈরি করেছে।