বিয়ের এক দিন আগে তেলেঙ্গানায় মর্মান্তিক ঘটনা! প্রেমের সম্পর্কের জেরে মেয়েকে খুনের অভিযোগে উত্তাল আদিলাবাদ

মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে ১৯ বছরের মেয়েকে গলা টিপে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম কল্যাণী এবং অভিযুক্ত বাবার নাম কৈলাস আদে। গত ২৫ নভেম্বর নারনুরের এক যুবকের সঙ্গে কল্যাণীর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার ঠিক এক দিন আগে অর্থাৎ ২৪ নভেম্বর তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।

তদন্তকারীরা জানিয়েছেন, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় কল্যাণী তাঁর বাবা-মাকে জানান যে, তিনি তাঁর মামাতো ভাইকে ভালোবাসেন। সেই কথা জানার পর থেকেই বাড়িতে তীব্র অশান্তি শুরু হয় এবং ক্ষুব্ধ হয়ে মেয়েকে খুনের পরিকল্পনা করেন কৈলাস।

পুলিশের দাবি, প্রথমে গলা টিপে কল্যাণীকে খুন করেন অভিযুক্ত বাবা। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে দেন এবং গ্রামবাসী ও আত্মীয়দের জানান যে, বাড়ির ঠিক করা পাত্রকে বিয়ে করতে না চেয়ে কল্যাণী আত্মহত্যা করেছেন।

তবে মৃত্যুর পর খুব তাড়াহুড়ো করে শেষকৃত্য সেরে ফেলায় গ্রামবাসীদের মনে সন্দেহ তৈরি হয়। তাঁদের কাছ থেকে খবর পেয়ে তদন্তে নামে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের মুখে মেয়েকে খুনের কথা স্বীকার করে নেন কৈলাস আদে। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *