তিরুমালা মন্দিরে ১২১ কেজি সোনার অলঙ্কার দান! ইতিহাসের সবচেয়ে বড় উপহার দিলেন চেন্নাইয়ের শিল্পপতি

অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর উদ্দেশে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার দান করলেন তামিলনাড়ুর চেন্নাইয়ের শিল্পপতি বর্ধমান জৈন। তিনি তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা (অ্যাডিশনাল ইও) ভেঙ্কাইয়া চৌধুরীর কাছে ১২১ কেজি ওজনের স্বর্ণালঙ্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।
জানা গেছে, এই দানকৃত স্বর্ণালঙ্কারের সম্ভারে প্রভু ভেঙ্কটেশ্বরের পা থেকে মাথা পর্যন্ত পরিধানযোগ্য প্রায় ৪৭ ধরনের গয়না রয়েছে। টিটিডি সূত্রের খবর, মন্দিরের ইতিহাসে কোনো ভক্তের পক্ষ থেকে ভগবান ভেঙ্কটেশ্বরকে দেওয়া এটিই এখনো পর্যন্ত সবচেয়ে বড় উপহার।
উল্লেখ্য, এর আগেও তিরুমালা মন্দিরে উল্লেখযোগ্য অনুদান দিয়েছেন শিল্পপতি বর্ধমান জৈন। ২০২৫ সালের ১৯ জানুয়ারি তিনি মন্দির কমিটিকে ৬ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। পাশাপাশি চলতি বছরের ১৬ মে মন্দিরের ব্যবহারের জন্য একটি বৈদ্যুতিক বাসও উপহার হিসেবে দিয়েছিলেন তিনি।