ব্যাঙ্ক থেকে বেরোতেই পিছু নিয়ে ছিনতাই? খাতড়ায় জনবহুল রাস্তায় আতঙ্ক, তদন্তে পুলিশ

বাঁকুড়ার খাতড়ায় ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৭২ হাজার টাকা ছিনতাই করে পালাল দুই বাইক আরোহী দুষ্কৃতী। দিনের আলোয় জনবহুল রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোটা ছিনতাইয়ের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাঁকুড়া জেলার কাশীপুর এলাকার এক বাসিন্দা খাতড়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা থেকে ১ লক্ষ ৭২ হাজার টাকা তোলেন। ব্যাঙ্কের কাজ সেরে বাড়ি ফেরার পথে বেলা কমপ্লেক্সের কাছে রবীন্দ্র সরণিতে নামার পরই মোটরবাইকে চেপে সেখানে হাজির হয় দুই দুষ্কৃতী। অভিযোগ, আচমকাই ওই ব্যক্তির হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে বাইক চালিয়ে চম্পট দেয় তারা। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন ওই ব্যক্তি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার পাশাপাশি তাদের পালানোর পথ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, দিনের ব্যস্ত সময়ে এমন ছিনতাইয়ের ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা; দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও খোয়া যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *