সানাইয়ের সুরে বৃদ্ধাশ্রমে বিয়ের আসর! বরযাত্রী হয়ে হাজির জেলাশাসক, আবেগঘন মুহূর্ত বিলাসপুরে

ভালোবাসা ও নতুন করে জীবন শুরু করার যে কোনো বয়স হয় না, তারই এক অনন্য নজির দেখা গেল হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে। ঘাগস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৬৩ বছর বয়সী সাবিনা এবং ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল। এই অভিনব বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানাও।

আশ্রম সূত্রে জানা গেছে, বিয়ের আগে মঙ্গলবার সন্ধ্যায় ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। লাল ও হলুদ কুর্তা-পাজামায় সেজেছিলেন কানহাইয়া লাল এবং হলুদ পোশাকে দেখা যায় সাবিনাকে; পাহাড়ি গানের তালে দু’জনকেই আনন্দে নাচতে দেখা যায়। বুধবার সকাল থেকে সানাইয়ের সুরে হিন্দু রীতি অনুযায়ী মালাবদল ও সাতপাকে ঘুরে সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেন নবদম্পতি। ‘আপনা ঘর’-এর পরিচালক অ্যাডভোকেট প্রকাশ চাঁদ বনসাল, জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বনসালসহ আশ্রমের অন্যান্য আবাসিক ও অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ জানান।

এই উদ্যোগের প্রশংসা করে বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানা বলেন, এই বিয়ে সমাজে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে এবং জীবন বাঁচার অধিকার যে সবার রয়েছে, তা আরও একবার প্রমাণিত হলো। তিনি নবদম্পতিকে উপহার তুলে দিয়ে তাঁদের সুখী দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানান।

আশ্রমের পরিচালক প্রকাশ বনসাল জানান, মান্ডি জেলার জানজেহলি এলাকার থুনাগ গ্রামের বাসিন্দা কানহাইয়া লাল নিঃসন্তান ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি সমস্ত সম্পত্তি ভাইদের নামে লিখে দিয়েছিলেন, কিন্তু পরে বাড়ি থেকে বিতাড়িত হয়ে একটি গুহায় আশ্রয় নেন। ২০২২ সালে আশ্রমের কর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনা মানসিক অসুস্থতার কারণে পথ হারিয়ে শিমলায় চলে গিয়েছিলেন। চার বছর আগে তাঁকে মাশোবরা আশ্রমে রাখা হয় এবং ২০২৫ সালে বিলাসপুরের এই আশ্রমে আনা হয়। সেখানেই দু’জনের মধ্যে পরিচয় ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে, বিয়ের পর এই নবদম্পতি সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে তাঁদের নতুন সংসার শুরু করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *