বন্দে ভারতেও এবার ফ্রি যাত্রা, বীরত্ব পুরস্কারজয়ীদের জন্য রেলের বড় চমক

দেশের বীর সন্তানদের অসীম সাহস ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। এর ফলে চক্র সিরিজের বীরত্ব পুরস্কারপ্রাপ্তরা এ বার দেশের সব ট্রেনেই বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন, যার মধ্যে সেমি-হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসও রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনার পর রেল মন্ত্রক এই সুবিধার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। সেনার পোস্ট অনুযায়ী, রেল মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো যোদ্ধাদের সাহস, ত্যাগ এবং দেশের প্রতি অমূল্য অবদানকে সম্মান জানানো। নতুন নিয়ম কার্যকর হওয়ায় আগেকার নির্দিষ্ট ট্রেন সংক্রান্ত সীমাবদ্ধতা উঠে গেছে, তবে তাঁদের বর্তমান ভ্রমণের অধিকার এবং শ্রেণিতে কোনো বদল আনা হয়নি।
আগে রেলের নিয়মে কিছু শর্ত ছিল। পুরোনো ব্যবস্থা অনুযায়ী যোগ্য বীরত্ব পুরস্কারজয়ীদের কমপ্লিমেন্টারি কার্ড পাস দেওয়া হতো। এই পাসের সাহায্যে প্রাপকেরা সারাজীবন বিনা ভাড়ায় ট্রেনে সফর করতে পারতেন। তবে পুরোনো বিধিতে যাত্রার শ্রেণি এবং কোন কোন নির্দিষ্ট ট্রেনে পাস চালু থাকবে, সে নিয়ে আলাদা শর্ত ও সীমা নির্ধারিত ছিল। এখন বন্দে ভারতসহ অন্যান্য ট্রেনকেও এর আওতায় আনা হলো।
বীরত্ব পুরস্কারপ্রাপ্তদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারতীয় রেল সময়ে সময়ে নিয়মে বদল এনেছে। এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পরমবীর চক্র ও মহাবীর চক্র প্রাপকদের কমপ্লিমেন্টারি পাস রাজধানী, শতাব্দী ও দুরন্তর মতো প্রিমিয়াম ট্রেনের ফার্স্ট এসি বা এগজিকিউটিভ শ্রেণিতে যাত্রার ক্ষেত্রে গ্রাহ্য করা হয়। পরে ২০১৭ সালের অগাস্টে অশোক চক্র ও কীর্তি চক্র প্রাপকদেরও একই রকম নিখরচায় ট্রেন ভ্রমণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার বন্দে ভারতসহ সব ট্রেনে এই সুবিধা সম্প্রসারণ করে বীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞता প্রকাশ করল সরকার।