‘রক্তকরবী’র শতবর্ষে জয়শ্রী বর্মনের সৃষ্টি, ‘বনলতা’ ভাবনায় শান্তিনিকেতনে শিল্পের উৎসব

প্রয়াণের পর এই প্রথম শান্তিনিকেতনে নিজের গড়া আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরীর আঁকা বহুমূল্য চিত্র। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকের শতবর্ষ উপলক্ষে প্রখ্যাত শিল্পী জয়শ্রী বর্মনের শিল্পকর্মও স্থান পেয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে শুরু হওয়া বেঙ্গল বিনালের অংশ হিসেবে এই দুটি প্রদর্শনী শিল্পপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
গত ২৫ নভেম্বর থেকে শান্তিনিকেতনে শুরু হয়েছে দ্বিতীয় বেঙ্গল বিনালে, যা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের ভাবনা রাখা হয়েছে কবি জীবনানন্দ দাশের ‘বনলতা’কে কেন্দ্র করে। ভারতসহ বিশ্বের ১৩টি দেশের প্রায় ১০০ জন বিশিষ্ট শিল্পী এবং প্রবাসী ভারতীয় শিল্পীরা এতে অংশ নিয়েছেন। যোগেন চৌধুরী ও জয়শ্রী বর্মনের পাশাপাশি জিতিশ কল্লাট, শিল্পা গুপ্ত, পরেশ মাইতি এবং অমল কে পাটিলের মতো শিল্পীদের কাজও এই আয়োজনে জায়গা পেয়েছে।
গত ২৫ অক্টোবর প্রয়াত হন বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। তাঁর মৃত্যুর পর এই প্রথম শান্তিনিকেতনে তাঁর প্রতিষ্ঠিত ‘স্বাদ’ আর্ট গ্যালারিতে তাঁর আঁকা মূল্যবান চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে, ওই গ্যালারির বিনোদ বিহারী মুখোপাধ্যায় কক্ষে ‘রক্তকরবী’র শতবর্ষের আবহে তৈরি জয়শ্রী বর্মনের দেওয়ালচিত্র দর্শকদের নজর কাড়ছে।
১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যোগেন চৌধুরী। পারিবারিক শিল্পানুরাগের পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী ১৯৪৮ সালের দেশভাগের সময় কলকাতায় আসেন। ১৯৫৫ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফ্টে ভর্তি হন এবং ১৯৬০ সালে উত্তীর্ণ হয়ে হাওড়া জেলা স্কুলে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৫ সালে প্যারিসে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরার পর রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্বও পালন করেছিলেন তিনি। আন্তর্জাতিক শিল্পজগতে নিজস্ব শৈলীতে স্বতন্ত্র স্থান তৈরি করেছিলেন যোগেন চৌধুরী।