“রাত ২টা পর্যন্ত বৈঠক”- বাংলাদেশে শ্রমিক-মালিক পক্ষের ভোটাভুটিতে চূড়ান্ত হলো নতুন মজুরি

 বাংলাদেশে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সেখানকার মজুরি বোর্ড। ন্যূনতম মজুরি ঠিক করা নিয়ে মঙ্গলবার রাত ২টা পর্যন্ত বৈঠক হয়। শেষে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন ন্যূনতম মজুরি ঠিক করা হয়। বৈঠকে অংশ নেওয়া এক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে সহমত না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। তাতে বোর্ডের ছয় জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাঁদের প্রস্তাব লিখে গোপনে জমা দেন। পরে সেই সব প্রস্তাব খুলে ভোট গণনা হয়।

সূত্রের খবর, শ্রমিকদের ন্যূনতম বা গ্রেড ৪ মজুরি হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড ৩ ন্যূনতম মজুরি হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। গ্রেড ২ ন্যূনতম মজুরি হয়েছে ২০ হাজার টাকা। গ্রেড ১ ন্যূনতম মজুরি হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

নতুন মজুরিতে পুরোপুরি সন্তুষ্ট নন শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতাদের একাংশ। তবে তাঁরা বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। যদিও অনেক শ্রমিক নেতা জানিয়েছেন, এই মজুরি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। তাই পোশাকশিল্পের শ্রমিকরা বোর্ডের সিদ্ধান্ত মেনে কাজে ফিরবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

বোর্ডের শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকদের পক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, “ছয় ভোটের মধ্যে চারটি পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং দু’টি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।” মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাকশিল্পে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের পুলিশ জানিয়েছে, পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক কালে রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা রাজ্য ও জাতীয় সড়ক অবরোধ করেন। বেশ কিছু কারখানা সাময়িক বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *