বাড়ি বসেই ইউটিউব থেকে লাখ টাকার আয়! কীভাবে শুরু করবেন, জেনে নিন খুঁটিনাটি

এখন অনেকেই চাকরি বা ব্যবসার পাশাপাশি বাড়ি বসে উপার্জন করতে চান। সেই লক্ষ্যে অনেকেই ইউটিউব চ্যানেল খুলে নানা ধরনের ভিডিও পোস্ট করেন। ভ্লগ, শিক্ষামূলক ভিডিও, গেমিং বা মিম—নানারকম কনটেন্ট তৈরি করেন সাধারণ মানুষ। ইউটিউবে ভিডিও পোস্ট করে অনেক ক্রিয়েটরই ভালো অর্থ উপার্জন করছেন। কিছু ক্রিয়েটর এক সপ্তাহেই এমন আয় করেন, যা সরকারি চাকরির কোনও উচ্চপদস্থ কর্মীর এক মাসের বেতনের সমান। তবে ইউটিউব থেকে কীভাবে উপার্জন করতে হয় এবং কত টাকা পাওয়া যায়, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।
মনিটাইজেশন ইউটিউবে আয় করতে গেলে সবার প্রথমে আপলোড করা ভিডিওগুলিকে মনিটাইজেশনের আওতায় আনতে হবে। এর পাশাপাশি বিজ্ঞাপন থেকে উপার্জন করতে হলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YouTube Partner Program বা YPP)-এ যোগ দিতে হয়।
প্রথম স্তর: ১) কমপক্ষে ৫০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে। ২) গত ৯০ দিনের মধ্যে অন্তত ৩টি পাবলিক ভিডিও আপলোড করতে হবে। ৩) গত ১২ মাসে ৩,০০০ ঘণ্টা ওয়াচ টাইম অথবা গত ৩ মাসে ৩০ লক্ষ বৈধ শর্ট ভিডিও ভিউ থাকতে হবে।
দ্বিতীয় স্তর: ১) কমপক্ষে ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে। ২) শেষ ১২ মাসে ৪,০০০ ঘণ্টা পাবলিক ওয়াচ টাইম অথবা গত ৯০ দিনে ১ কোটি বৈধ শর্ট ভিডিও ভিউ থাকতে হবে।
এই শর্তগুলি পূরণ হলে নির্দিষ্ট কিছু সুবিধা পাওয়া যেতে পারে। তবে প্রথম স্তরেই সাধারণ ভিডিওর বিজ্ঞাপন থেকে আয়ের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে মেলে না। নির্ধারিত শর্ত পূরণ এবং ইউটিউবের রিভিউয়ের পর অনুমোদন পেলে তবেই ভিডিওর বিজ্ঞাপন, শর্টস ফিড ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করা যায়।
কনটেন্ট থেকে আয়ের উপায় ১) ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয়: এটি ইউটিউব থেকে উপার্জনের সবচেয়ে পরিচিত মাধ্যম। ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হলে সেখান থেকে ক্রিয়েটর নির্দিষ্ট অংশের আয় পান। ভিডিও যত বেশি দর্শক দেখবেন এবং বিজ্ঞাপনের পারফরম্যান্স যত ভালো হবে, আয়ও তত বেশি হবে। ২) শর্ট ভিডিও: ছোট ছোট ভিডিও তৈরি করেও আয় করা সম্ভব। ৬০ সেকেন্ডের আশপাশে আকর্ষণীয় ভিডিও বা শর্টস কনটেন্টের মাধ্যমে দ্রুত দর্শকের কাছে পৌঁছানো যায়। যোগ্যতা পূরণ করে শর্টস মনিটাইজেশন চালু করলে শর্টস ফিড থেকেও উপার্জন হয়। ৩) চ্যানেল মেম্বারশিপ ও সুপারচ্যাট: নিয়মিত দর্শকরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে চ্যানেলের সদস্য হতে পারেন এবং বিশেষ ব্যাজ পান। পাশাপাশি সুপার চ্যাট বা সুপার থ্যাংকস ফিচারের মাধ্যমেও দর্শকরা অর্থ দিয়ে ক্রিয়েটরকে সমর্থন জানাতে পারেন। ৪) স্পনসরশিপ: চ্যানেল জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন সংস্থা বা ব্র্যান্ড কোল্যাবোরেশনের প্রস্তাব দেয়। এর মাধ্যমে স্পনসরশিপ বা কমিশন থেকে ভালো আয় করা যায়।
কীসের ওপর নির্ভর করে আপনার আয়? ইউটিউব থেকে আয়ের পরিমাণ মূলত কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে:
-
ভিডিওর বিষয়বস্তু বা ক্যাটেগরি
-
কোন দেশ থেকে দর্শক ভিডিও দেখছেন
-
বিজ্ঞাপনের চাহিদা
-
দর্শক কতক্ষণ ধরে ভিডিও দেখছেন
-
ভিডিওতে কতগুলি বিজ্ঞাপন চলছে
-
ভিডিওটি লং ফরম্যাট নাকি শর্টস
কী কী করলে টাকা পাওয়া যায় না? অনেকেই দ্রুত উপার্জনের আশায় অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে পোস্ট করেন। এতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এবং আয় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই নিচের বিষয়গুলি মেনে চলা জরুরি: ১) অনুমতি ছাড়া অন্যের ভিডিও বা গান ব্যবহার করবেন না। ২) ভুয়ো ভিউ বা সাবস্ক্রাইবার কেনা থেকে বিরত থাকুন। ৩) একই কনটেন্ট বারবার রি-আপলোড করবেন না। ৪) দর্শকদের বিভ্রান্ত করে এমন শিরোনাম বা থাম্বনেল ব্যবহার করবেন না। ৫) ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস এবং মনিটাইজেশন পলিসি মেনে চলুন।