রোজকার চিকেনের ঝোলে একঘেয়েমি? স্বাদ বদলাতে চেখে দেখুন মশলাদার সাওজি চিকেন! রইল রেসিপি

ঝাল খেতে ভালোবাসেন? ঝালের চোটে একটু ‘হুস হাস’ না করলে খাওয়াটা ঠিক জমে না? তাহলে চেখে দেখতে পারেন সাওজি চিকেন কারি। ঝাল পছন্দ করলে এবং রোজকার চিকেনের ঝোল ছাড়া অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে এই পদটি হতে পারে দারুণ পছন্দ। ঝাল ও মশলাদার এই কারি একবার খেলে জিভে স্বাদ লেগে থাকবে।
সাওজি চিকেন কারির উপকরণ:
-
চিকেন: ৫০০ গ্রাম
-
আলু: ২টি
-
পেঁয়াজ কুচি: ১ কাপ
-
কালো সর্ষে: ১ কাপ
-
নারকেল বাটা: ১ কাপ
-
নারকেলের দুধ: ২ কাপ
-
হলুদ গুঁড়ো: দেড় চা চামচ
-
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
-
কাঁচালঙ্কা: ৬-৭টি
-
ভাজা কাজু: ১২-১৫টি
-
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
-
লেবুর রস: ১ টেবিল চামচ
-
কারিপাতা: ৭-৮টি
সাওজি চিকেন কারির প্রণালী: প্রথমে সামান্য পেঁয়াজ, লেবুর রস, হলুদ আর নুন দিয়ে মাংস ম্যারিনেট করে রাখতে হবে। এরপর কড়াইতে প্রথমেই আলু ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে কালো সর্ষে ও কারিপাতা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি যোগ করে বাদামি করে ভাজতে হবে।
তারপর নারকেল বাটা, কাঁচালঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে তাতে ভাজা কাজু, নারকেলের দুধ আর পরিমাণমতো নুন মেশাতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে ভাজা আলু দিয়ে কড়াই ঢেকে দিতে হবে। ঝোল কিছুটা শুকিয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করা যাবে এই পদ।