পায়ে ৪ কেজির ঘুঙুর বেঁধে টানা ৮ ঘণ্টা মহড়া! পেশিতে চোট পেয়েও হাল ছাড়েননি শ্রদ্ধা কাপুর

পর্দায় নিখুঁত হয়ে উঠতে কতটা পরিশ্রম করতে পারেন একজন অভিনেতা বা অভিনেত্রী? চরিত্রের প্রয়োজনে কতটা শারীরিক কষ্ট সহ্য করতে পারেন তিনি? শ্রদ্ধা কাপুরের সাম্প্রতিক অভিজ্ঞতা শুনলে চমকে উঠতে পারেন, আর সেই সঙ্গে এই প্রশ্নের উত্তরও মিলতে পারে। আসন্ন ছবি ‘ঈথা’-তে তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে রীতিমতো কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। পায়ে চার কেজি করে ঘুঙুর বেঁধে টানা আট ঘণ্টা নাচের মহড়া! একটানা রিহার্সালে ফুলে যেত পা। তার ওপর গানের শুটিংয়ের দ্বিতীয় দিনেই পেশিতে পেয়েছিলেন মারাত্মক চোট। তবু এক মাসের মধ্যে সুস্থ হয়ে আবার সেটে ফিরতে মরিয়া ছিলেন শ্রদ্ধা। অভিনেত্রীর এই নিষ্ঠার কথা সম্প্রতি প্রকাশ্যে আনলেন ছবির পরিচালক লক্ষ্মণ উটেকর।

সম্প্রতি পুণেতে ‘ঈথা’ ছবির ‘জি জি রে জি’ গানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। সেখানেই শ্রদ্ধার প্রস্তুতি এবং শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন পরিচালক। লক্ষ্মণ জানান, গানটির জন্য মুম্বইয়ের মাড আইল্যান্ডে বিশাল সেট তৈরি করা হয়েছিল। বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে তৈরি এই গানের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন শ্রদ্ধা। পরিচালকের কথায়, প্রতিটি গানের জন্য প্রায় ২৫ দিন করে রিহার্সাল করেছেন অভিনেত্রী। দুই পায়ে চার কেজি করে ঘুঙুর বেঁধে প্রতিদিন আট ঘণ্টা ধরে চলত অনুশীলন। স্বাভাবিকভাবেই এত দীর্ঘ সময় নাচের ফলে শ্রদ্ধার পা ফুলে যেত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *