ঘরের মাঠেই ইতিহাস! ৭৫তম মিস ইউনিভার্স হলেন জেনিফার বারেতো, পুয়ের্তো রিকোর ষষ্ঠ জয়

ঘরোয়া মঞ্চেই বাজিমাত করল পুয়ের্তো রিকো। ৭৫তম মিস ইউনিভার্স ২০২৬-এর খেতাব জিতলেন জেনিফার বারেতো। সান জুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলাত কলিসিয়ামে জমকালো অনুষ্ঠানে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ। প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েৎজ। এই জয়ের ফলে ষষ্ঠবার এবং ঘরের মাঠে দ্বিতীয়বার বিশ্বসুন্দরীর মুকুট ছিনিয়ে নিল পুয়ের্তো রিকো। এর আগে ১৯৭০, ১৯৮৫, ১৯৯৩, ২০০১ ও ২০০৬ সালে খেতাব জিতেছিল দেশটি; যার মধ্যে ২০০১ সালে ঘরের মাঠে সেরার শিরোপা জিতেছিলেন ডেনিস কুইনোনেস।
কী উত্তরে বাজিমাত জেনিফারের? চূড়ান্ত পর্বে শীর্ষ পাঁচে জায়গা করে নেয় ফিলিপিন্স, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকো। পাঁচ প্রতিযোগীকেই একই প্রশ্ন করা হয়—এই মুহূর্তে বিশ্বের নেতাদের থেকে পৃথিবীর সবচেয়ে বেশি কী প্রয়োজন? জবাবে জেনিফার বারেতো বলেন, তাঁর বিশ্বাস বিশ্বের এমন নেতা প্রয়োজন যাঁরা পেশাদারভাবে সহমর্মী। তিনি উল্লেখ করেন, এমন এক পৃথিবীতে আমরা বাস করি যেখানে প্রায়ই অন্যকে বিচার করা হয় ও প্রশ্ন তোলা হয়, কিন্তু একজন নেতার উচিত নিজের মূল্যবোধের পাশে দাঁড়ানো, উদাহরণ তৈরি করা এবং মানদণ্ড আরও ওপরে তোলা। মিস ইউনিভার্স হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে নেটওয়ার্ক গড়ার পক্ষেও সওয়াল করেন তিনি। নেতারা সমাজের কথা শুনে সেই অনুযায়ী পরিকল্পনা নিলে বড় পরিবর্তন আনা সম্ভব বলেও জানান জেনিফার।
হীরক জয়ন্তীর মুকুট ও একগুচ্ছ বিতর্ক প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তিতে এবার উন্মোচিত হয় ৩,১৫০টি হিরে খচিত নতুন মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লেগ্যাসি’। তবে জাঁকজমকের আড়ালে ছিল একাধিক বিতর্কও। ১৩০টির বেশি দেশ নিয়ে আসর শুরু হলেও মাঝপথে সরে দাঁড়ায় ১৫টি দেশ। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কারণে অস্ট্রিয়ার ভিক্টোরিয়া অ্যামারসন, গাড়ি দুর্ঘটনার জেরে বুলগেরিয়ার আনা-মারিয়া এবং ব্যক্তিগত কারণে সেন্ট মার্টিনের ম্যাডলি মারিয়ান নাম প্রত্যাহার করেন। ফ্র্যাঞ্চাইজি ও কর্পোরেট বিবাদে অংশ নেয়নি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। এ ছাড়া মার্কিন ভিসা জটিলতায় বাদ পড়ে নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবোয়ে ও কঙ্গো প্রজাতন্ত্র।
সুরক্ষা নিয়ে প্রশ্ন ও ইজরায়েল-বিতর্ক ফাইনালের আগে সংস্থার নেতৃত্ব ও প্রতিযোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মিস মিশিগান ইউএসএ টেলর হেল। তাঁর দাবি, এটি কোনও সুস্থ সংস্থা নয়, এর সুস্থ নেতৃত্ব নেই এবং এই মহিলারা সুরক্ষিত নন। অন্যদিকে, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের আবহে জাতীয় পোশাক পর্বে জেরুজালেমের আদলে তৈরি পোশাকে ইংরেজি, আরবি ও হিব্রু ভাষায় ‘শান্তি’ লেখায় দর্শকদের দুয়োধ্বনি ও সমালোচনার মুখে পড়েন মিস ইউনিভার্স ইজরায়েল ড্যানিয়েল ইয়াবলঙ্কা। সব বিতর্ক পেরিয়ে জেনিফারের জয়েই পর্দা নামল ৭৫তম আসরের। জানা গিয়েছে, পরবর্তী ৭৬তম মিস ইউনিভার্সের আসর বসবে ভিয়েতনামে।