সুজিত বসুর পর এবার তাঁর শ্যালক! পুরনিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে তলব সিবিআই-এর

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জাল আরও গুটিয়ে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর পর এবার তদন্তকারীদের নজরে তাঁর শ্যালক। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির এই চক্র চালাতে শ্যালককে ব্যবহার করেছিলেন সুজিত। পাশাপাশি বেআইনিভাবে তাঁকে চাকরি পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এই সূত্র ধরেই বুধবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুজিতের শ্যালককে।
সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি সুজিত বসুকে গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। কিন্তু প্রাক্তন মন্ত্রীর বয়ানে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা; একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন বলে গোয়েন্দা সূত্রে খবর। সেই জেরা পর্বের ঠিক চার দিনের মাথায় সুজিতের শ্যালককে তলব করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তদন্তকারীদের অনুমান, দুর্নীতির কালো টাকার লেনদেন এবং নিয়োগ প্রক্রিয়ায় সুজিতের শ্যালক সরাসরি যুক্ত ছিলেন। প্রাক্তন মন্ত্রীর প্রভাব খাটিয়ে তিনি আর্থিক দিক থেকে আর কী কী ভাবে লাভবান হয়েছেন, মূলত সেই তথ্য জানতেই তাঁকে জেরা করতে চান গোয়েন্দারা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন সুজিত ও তাঁর ঘনিষ্ঠরা। দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় খাটানো হতো বলেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
তদন্তের স্বার্থে সুজিতের পরিবারের অন্যান্য সদস্যদেরও এর আগে কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রীর কন্যা মোহিনী বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, এই মামলায় সমান্তরালভাবে তদন্ত চালানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর চার্জশিটেও সুজিত বসু ও তাঁর পুত্রের নাম রয়েছে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছিল ইডি। এর আগে সিবিআই এই সংক্রান্ত মামলায় চার্জশিট জমা দিলেও তাতে সুজিতের নাম ছিল না। পরবর্তী সময়ে তদন্তের নতুন সূত্র মেলায় আদালতের বিশেষ অনুমতি নিয়ে জেলে গিয়ে তাঁকে জেরা করে সিবিআই। যদিও প্রথম থেকেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন প্রাক্তন দমকলমন্ত্রী। জামিনের আর্জি জানিয়ে তিনি একাধিকবার আদালতের দ্বারস্থ হলেও প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন পুরসভার কর্মী, প্রাক্তন পদাধিকারী এবং সরকারি আধিকারিকদের দফায় দফায় তলব করে তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই। সেই আবহেই বুধবার সুজিতের শ্যালকের হাজিরা এবং তাঁর বয়ান এই মামলায় কোন নতুন মোড় আনে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।